টেন্ডার বাতিলের জেরে পুজোর আগে পুরুলিয়ায় রাস্তা সংস্কার অনিশ্চিত
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: পুজোর আগে পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ একপ্রকার অসম্ভব। নতুন সরকারের আমলে জেলা পরিষদের প্রথম টেন্ডার বাতিল হয়। তারপর এখনো নতুন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। স্বভাবতই ওয়ার্ক অর্ডার পায়নি ঠিকাদার সংস্থা। তা‌ই  জেলাজুড়ে ৮৬টি রাস্তা সংস্কারের কাজ করে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Advertisement

পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, নতুন সরকারের আমলে স্টেট ফান্ড থেকে প্রায় ১০কোটি টাকার বেশি খরচে ৮৬টি রাস্তা সংস্কারের জন্য ঩টেন্ডার বের করে পুরুলিয়া জেলা পরিষদ। কিন্তু, টেন্ডার খোলার কয়েকদিন আগে আচমকা পুরুলিয়া জেলা পরিষদ তা বাতিল করে দেয়। তারপর নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ, প্রথম টেন্ডারে সময় কম পাওয়ার কারণে ‘সেটিং’ ঠিকমতো হয়নি। কিছু কাজে আবার কেউ আগ্রহ দেখায়নি। পুনরায় ওই টেন্ডার প্রক্রিয়া করার পর ৮৬টির মধ্যে অধিকাংশ কাজে ‘সেটিং’ হয়েছে বলে জানা গিয়েছে। তবে কয়েকটি কাজের জন্য তা এখনো হয়নি। 
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এখনো ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ শুরু হয়নি। তাই পুজোর আগে কোনোরকমে ওয়ার্ক অর্ডার দেওয়া গেলেও কাজ শুরু প্রায় অসম্ভব। সব মিলিয়ে পুজোর আগে রাজ্য যে রাস্তাগুলি সংস্কার জরুরি ছিল, তার কাজ কবে শুরু হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
পুরুলিয়া জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ বলেন, কী জন্য টেন্ডার বাতিল হয়েছে, তা প্রশাসন বলতে পারবে। তবে প্রথম টেন্ডারটি বাতিল হয়েছে। পুনরায় টেন্ডার করেছে জেলা পরিষদ। এখনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। পুজোর আগে ওই কাজ হবে না। পুরুলিয়া জেলা পরিষদের বিজেপির সদস্য সমীর বাউরি বলেন, টেন্ডারের বিষয়ে কিছু জানি না। তবে প্রচুর রাস্তা খারাপ রয়েছে। সংস্কার দরকার। তৃণমূল ১৫ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল করে রেখেছে। কঙ্কালসার চিত্র দেখা যাচ্ছে চারিদিকে। সরকারের সবে চার পাঁচ মাস বয়স হয়েছে। কাজ ঠিকই হবে। তবে যত দ্রুত কাজ হয় সেটাই ভাল। রাস্তাগুলির সংস্কার খুবই জরুরি।