সংবাদদাতা, মানকর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এগারো মাইল থেকে দেউল যাওয়ার রাস্তা। ফলে দেউল পার্ক, শ্যামরূপা মন্দিরে আসা পর্যটকদের পাশাপাশি সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, একাধিকবার সংস্কারের আশ্বাস পাওয়ার পরেও রাস্তার কাজ হয়নি। কবে রাস্তার সংস্কার হবে তা নিয়েও কোনো সদর্থক উত্তর পাওয়া যাচ্ছে না।
পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়কের উপর এগারো মাইল মোড়। সেখান থেকে অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের তোরণ পেরিয়ে এগলেই ইছাই ঘোষের প্রতিষ্ঠিত দেউল। স্থানীয়রা জানান, বছরের সবসময়ই পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে। দুর্গাপুর এবং এগারো মাইল হয়ে দুটি রাস্তা দিয়ে শ্যামরূপা যাওয়া যায়। শ্যামরূপা মোড় অর্থাৎ মুচিপাড়া-শিবপুর পিডব্লুডি রোড থেকে শ্যামরূপা মন্দির প্রায় পাঁচ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। প্লেভার ব্লক দিয়ে আমূল সংস্কার হয়েছে ওই রাস্তার। কিন্তু এগারো মাইলের দিক থেকে আসার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল।
স্থানীয় বাসিন্দা প্রদীপ ঘোষ বলেন, এগারো মাইল থেকে এই রাস্তা কৃষ্ণপুর যাচ্ছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা বেহাল হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর। রাস্তা খারাপের জন্য অযোধ্যা, বনকাটি, শ্যামবাজার, সাতকাহনিয়া, বনগ্রাম সহ একাধিক গ্রামের বাসিন্দারা অসুবিধার মুখে পড়ছেন। এদিন এলাকায় গিয়ে দেখা গেল রাস্তার মাঝে অনেক জায়গাতেই গর্ত তৈরি হয়েছে। ফলে দু’দিক থেকেই সাইকেল, বাইক চালকরা গর্ত এড়াতে চাইছেন। তাতে প্রায়ই মুখোমুখি হয়ে যাচ্ছে দু’দিকের গাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, পালা বদলের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা মঞ্চ থেকে এই রাস্তা সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। তাতে প্রথম ধাপে এগারো মাইল থেকে বনগ্রাম প্রায় আট কিলোমিটার সংস্কার হওয়ার কথা ছিল। সেজন্য ৩২ লক্ষ টাকা খরচ ধরা হয়েছিল। দ্বিতীয় ধাপে বনগ্রাম থেকে কৃষ্ণপুর প্রায় সাত কিলোমিটার রাস্তার কাজ হওয়ার কথা ছিল। তাতে ২৭ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু পালাবদলের পর রাস্তা সংস্কার নিয়ে আর কোনো কথা হয়নি। অথচ রাস্তা সংস্কার হলে পর্যটকরা উপকৃত হবেন। পর্যটকদের ভিড় বাড়লে এলাকার অর্থনীতিতেও সুপ্রভাব পড়বে। বনকাটি পঞ্চায়েত সূত্রে জানা যায়, ভোটের আগে আবেদনের ভিত্তিতে সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল। সেই সময় তিন ফুট করে বাড়ানোর কথাও হয়েছিল। বিষয়টি নিয়ে বিজেপি নেতা রমন শর্মা বলেন, ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার হবে। ওই রাস্তার দিকেও আমাদের নজর আছে। অবশ্যই সংস্কার হবে।-নিজস্ব চিত্র