Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে পুলিসের গাড়ি চালকের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ, অবরোধ

রানিনগরে পুলিসের গাড়ি চালকের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ, অবরোধ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: রানিনগরে এক পথচারীকে মারধরের অভিযোগ উঠল পুলিসের গাড়ি চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেখপাড়া বাজারের ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কোনও কারণ ছাড়াই শেখপাড়া বাজারের ওই পথচারীকে মারধর করে পুলিসের গাড়ির চালক। ঘটনার প্রতিবাদে শেখপাড়া বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। প্রায় ৩০মিনিট ধরে অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিসের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। তবে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, এই ধরনের কোনও ঘটনা আমার কাছে পৌঁছয়নি।
Advertisement
স্থানীয়দের অভিযোগ, শেখপাড়া বাজারে একটি পুলিস ভ্যান দাঁড়িয়েছিল। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথচারী। অভিযোগ, তাঁকে দেখেই মারধর শুরু করে দেয় পুলিসের ওই গাড়ির চালক। পুলিসের সামনেই কলার ধরে ওই পথচারীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা একত্রিত হয়ে শেখপাড়া বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে ইসলামপুর-সাগরপাড়ার মতো গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তার উপর সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায়। বিক্ষোভকারীরা ওই পুলিসের গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় রানিনগর থানার বিশাল পুলিস বাহিনী। শেষ পর্যন্ত পুলিসের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা। এক বিক্ষোভকারী জানান, পুলিসের গাড়ি চালক একজন নির্দোষকে মারধর করেছে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো বিষয়টি দেখি। ঘটনার প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি। ওই পথচারীকে কলার ধরে মারধর করা হয়। তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি।  অপর এক বিক্ষোভকারী বলেন, যদি ওই ব্যক্তি কোনও অন্যায়ও করে থাকে, তারপরেও পুলিসের গাড়ি চালক তাঁকে মারধর করতে পারে না। অথচ প্রকাশ্যে রাস্তার মাঝে তাঁকে মারধর করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখিয়েছি। যদিও পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাই তাকে বাধা দেওয়া হয়। কোনও মারধরের ঘটনা ঘটেনি। 
সম্পর্কিত সংবাদ