Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, মৃত ১

রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, মৃত ১
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: ব্যস্ত সড়কে ওভারটেক করতে গিয়ে এক বাইক চালকের ভয়াবহ পরিণতি হল। সামনের দিক থেকে আসা মিনি ট্রাকের তলায় তিনি বাইক সহ ঢুকে পড়েন। ঘটনায় বাইক চালকের মৃত্যু হয়। তাঁর স্ত্রী গুরুতর জখম হন। তবে তাঁদের চার বছরের সন্তান অল্পের জন্য রক্ষা পায়। শনিবার সকাল ১১টা নাগাদ রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪নম্বর জাতীয় সড়কের মল্লারপুরের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম টোটন মণ্ডল(৪০)। তাঁর বাড়ি মহম্মদবাজার থানার বাতাসপুর গ্রামে। তিনি পেশায় জেসিবি অপারেটর ছিলেন। ঘটনায় গুরুতর জখম তাঁর স্ত্রী মিলি মণ্ডল রামপুরহাট মেডিক্যালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ডান পায়ে গভীর ক্ষত হয়েছে ও একটি হাত ভেঙে গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির চার বছরের ছেলের শরীরে ঘা হয়েছে। এদিন তাঁরা ছেলেকে ডাক্তার দেখাতে রামপুরহাটে এসেছিলেন। বাড়ি ফেরার পথেই এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শী রবীন মুর্মু বলেন, বাইকটি একটি লরিকে ওভারটেক করছিল। তখন সামনের দিক থেকে একটি মিনি ট্রাক আসছিল। বাইকটি ট্রাকের সামনে ঢুকে আটকে যায়। স্থানীয়রা তিনজনকে কোনওরকমে বের করেন। তবে শিশুটি অক্ষত ছিল। তাকে আশ্রমে রাখা হয়। পরে আশ্রমের কর্ণধার সুকান্ত মণ্ডল রক্তাক্ত দম্পতিকে তাঁদের অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিজেই ড্রাইভ করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক টোটনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রীকে ভর্তি করে নেওয়া হয়। সুকান্তবাবু বলেন, তখন আশ্রমের বাগানে গাছের পরিচর্যা করছিলাম। হঠাৎই আওয়াজ পেয়ে রাস্তায় এসে দেখি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের তলায় বাইক সহ এক দম্পতি আটকে রয়েছেন। আর ওঁদের শিশুটি প্রচণ্ড কাঁদছে। প্রথমে শিশুটিকে বের করে এনে আশ্রমে রাখি। পরে দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসি।
খবর পেয়ে ওই দম্পতির আত্মীয়স্বজনরা মেডিক্যালে এসে কান্নায় ভেঙে পড়েন। মৃতের খুড়তুতো ভাই বাসুদেব মণ্ডল বলেন, দাদারা শুক্রবার পুরুলিয়ায় পিকনিক করতে গিয়েছিল। এদিন ভোরেই বাড়ি ফিরেছে। সারারাত ঘুমোয়নি। ওই অবস্থাতেই ভাইপোকে ডাক্তার দেখাতে এসেছিল। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। মৃতের মা মেনকা মণ্ডল বলেন, দুই ছেলের মধ্যে টোটনই বড় ছিল। এভাবে যে ও সকলকে ছেড়ে চলে যাবে ভাবিনি। পুলিস জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।
Advertisement
সম্পর্কিত সংবাদ