নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ও সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’— বর্তমানে এই দুটি ছবির কাজে ব্যস্ত অভিনেতা রণবীর কাপুর। একই সঙ্গে দু’টি ছবির কাজ চলছে। ফলে শ্যুটিংয়ে অসুবিধায় পড়তে হচ্ছে তাঁকে। গত বছরের শেষদিকে ‘রামায়ণ’-এর অধিকাংশ গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং শেষ করেছেন নীতেশ। তা সত্ত্বেও বেশ কিছু ছোট দৃশ্যের শ্যুটিং এখনও বাকি। তবে কথা মতো এ বছরের শুরু থেকে রণবীর রয়েছেন সঞ্জয়লীলার ছবির কাজে। শোনা যাচ্ছে, রণবীরের ডেট পাওয়া নাকি এখন সম্ভব নয়। ফলে শ্যুটিংয়ের সমস্যা দূর করতে রণবীরের বডি ডাবলের সাহায্য নিচ্ছেন ‘রামায়ণ’ ছবির নির্মাতারা। অর্থাৎ রণবীরের সঙ্গে চেহারাগত সাদৃশ্য রয়েছে এমন ব্যক্তি বাকি দৃশ্যগুলির শ্যুট করবেন। এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল রাখা হবে, যাতে পর্দায় দেখলে বোঝার উপায় থাকবে না, ওই দৃশ্যে রণবীর ছিলেন না। এর আগেও একাধিক ছবিতে এমন বডি ডাবলের সাহায্য নিয়েছেন তারকারা।



