Bartaman Logo
২৭ মে, ২০২৬

রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি, সেজে উঠেছে অযোধ্যা নগরী

রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি, সেজে উঠেছে অযোধ্যা নগরী
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
লখনউ: প্রায় এক বছর আগে মহা সমারোহে প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রামলালার। প্রথম বর্ষপূর্তিতে শনিবার থেকে ফের উৎসবের মেজাজে পুরো অযোধ্যা নগরী। ফুল ও আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। ইতিমধ্যেই রামমন্দির প্রাঙ্গনে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। এদিন যজুর্বেদ পাঠ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর রামলালার অভিষেকে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বেলা ১২টা ২০ মিনিট নাগাদ সম্পন্ন হয় আরতি। এর পাশাপাশি রামকে ৫৬ ভোগও নিবেদন করা হয়। 
Advertisement
২০২৪ সালের ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল। ক্যালেন্ডার অনুযায়ী একবছর সম্পূর্ণ হয় ২০২৫ সালের ২২ জানুয়ারি। কিন্তু ১১ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসলে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান আয়োজিত হয়েছিল পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে। এই তিথিকে কুর্ম দ্বাদশীও বলা হয়। এবছর দিনটি পড়েছে ১১ জানুয়ারিতে। তাই ১১ দিন আগেই হয়েছে প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান।
রামলালর প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে শনিবার বিশেষ পূজার্চনা।-পিটিআই
সম্পর্কিত সংবাদ