Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাম মন্দিরের মতো ইস্যু আর চাই না দেশে, বললেন মোহন ভাগবত

রাম মন্দিরের মতো ইস্যু আর চাই না দেশে, বললেন মোহন ভাগবত
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পুনে, ২০ ডিসেম্বর: গোটা দেশজুড়ে যখন উপাসনাস্থল নিয়ে রাজনীতি চলছে। বিভিন্ন মসজিদে চলছে সমীক্ষার কাজ। ঠিক সেই সময়েই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। গতকাল, বৃহস্পতিবার পুনেতে ‘বিশ্বগুরু ভারত’ নামক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই মোহন ভাগবতকে বলতে শোনা যায়, রাম মন্দিরের মতো ইস্যু আর চাই না দেশে। সঙ্ঘ প্রধান বলেন, ‘রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক। তাই  রাম মন্দিরের নির্মাণটা জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না।’ তাহলে কী ঘুরিয়ে মোদি-শাহ-যোগীকে অন্য কোনও বার্তা দিতে চাইলেন আরএসএস প্রধান। কারণ এখন উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ, জ্ঞানবাপী মসজিদ কিংবা রাজস্থানের আজমে‌ঢ় শরিফ পূর্বে মন্দির ছিল বলেও দাবি করছেন হিন্দুত্ববাদী নেতারা। তাতে পিছন থেকে উৎসাহ দিতেও দেখা গিয়েছে বিজেপি নেতাদের। কিন্তু সঙ্ঘ যে সেই বিষয়টি একদমই পছন্দ করছে না, সেটি কার্যতই স্পষ্ট করে দিয়েছেন মোহন ভাগবত। অন্তত তাঁর বক্তব্যে শুনে সেটাই বোঝা যাচ্ছে। সঙ্ঘ প্রধান আরও বলছেন, ‘কীভাবে সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করতে পারে, সেটার উদাহরণ হিসেবে উঠে আসা উচিত ভারতের। উগ্রতা, ধর্মীয় আগ্রাসন, পেশিশক্তির প্রদর্শন, অন্য ধর্মের অপমান, এইসব আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আমরা সবাই এক। এদেশে প্রত্যেক ধর্মের মানুষকে তাদের মতো করে উপাসনা করার সুযোগ করে দিতে হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ