সংবাদদাতা, নবদ্বীপ: হকার উচ্ছেদ ও রেল প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল নবদ্বীপ শহর তৃণমূল শ্রমিক কংগ্রেস। শুক্রবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এই প্রতিবাদ সভার ডাক দেয়। তাদের দাবি, রেলের জায়গায় বসবাসকারী এবং দোকানদারদের উপযুক্ত পুনর্বাসন দিয়ে রেল উন্নয়নমূলক কাজ করুক। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল সহ নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার এবং কয়েক হাজার মানুষ। উল্লেখ্য, পূর্ব রেলওয়ে কয়েক মাস আগে তাদের জায়গা থেকে অবৈধ দোকান ও বসবাসের ঘর সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়। সেখানে পরিষ্কার জানানো হয়েছে, দখলদারদের রেলের জমি থেকে সরে যেতে হবে। অন্যথায় রেলের আইনি ব্যবস্থা নেবে। নবদ্বীপ শহর আইএনটিটিইউসি’র সভাপতি ভানু সাহা বলেন, নবদ্বীপে আরপিএফ এবং রেলের কিছু আধিকারিক উন্নয়নের নাম করে রেলের জায়গায় বসবাসকারী গরিব মানুষগুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বিগত দিনে বহু জায়গা থেকে দোকান সরিয়ে দিয়েছি কিন্তু সেখানে নামমাত্র উন্নয়ন হয়নি আজও। এদিকে এখানে রেলের বেশ কিছু আধিকারিক আছেন, যাঁরা অত্যাচারের মাত্রা দিনকে দিন বাড়াচ্ছেন।



