Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রেললাইনের  ধারেই গার্ডওয়াল, যাতায়াতে সমস্যা নিয়ে অসন্তোষ

রেললাইনের  ধারেই গার্ডওয়াল, যাতায়াতে সমস্যা নিয়ে অসন্তোষ
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কোন্নগর ও উত্তরপাড়ায় রেললাইনের পাশে গার্ডওয়াল দিচ্ছে রেলদপ্তর। তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, রেল কোনও সাবওয়ে তৈরি করেনি। অথচ রেললাইনের দু’ধারে জনবসতি থেকে শুরু করে স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল গড়ে উঠেছে। যাতায়াতের নির্দিষ্ট পথ না থাকায় রেললাইন পেরিয়ে চলতে হয়। রেল কর্তৃপক্ষ গার্ডওয়াল দিয়ে পারাপার বন্ধ করে দেওয়ায় যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগরে রেলের বুকিং অফিসের পাশে লাইনের অংশ ঘিরে দিয়ে বাসিন্দাদের যাতায়াত বন্ধ করা হয়েছে। পাশাপাশি, রেলের গার্ডওয়ালে ঢাকা পড়েছে উত্তরপাড়ার মাখলার একটি বড় অংশ। 
Advertisement
এনিয়ে এদিন ক্ষোভ ব্যক্ত করেছে হুগলি সিটিজেন্স ফোরাম। ওই সংগঠনের সভাপতি প্রবীণ আইনজীবী শৈলেন পর্বত বলেন, আমরা বছরের পর বছর ধরে কোন্নগরে সাবওয়ে করার দাবি জানিয়েছি। রেলকর্তারা কর্ণপাত করেননি। এখন গার্ডওয়াল দিয়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করা হচ্ছে। রেলকর্তারা মানুষকে পরিষেবা দিতে চান, নাকি সমস্যা তৈরি করতে চান, তা বুঝতে পারছি না। 
রেল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে কোন্নগর স্টেশনের এক কর্তা বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ