সংবাদদাতা, কল্যাণী: বৃহস্পতিবার কল্যাণীর ৪২ নম্বর রেলগেটের কাছে রেললাইনের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মনোরঞ্জন বর্মন (৪৮)। তাঁর বাড়ি নদীয়ার শান্তিপুরের হরিপুরে। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ছ’টা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাতে শান্তিপুর রেল স্টেশন থেকে তাঁকে শেষ ট্রেনে উঠতে দেখেন এলাকারই এক যুবক। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে কল্যাণী থেকে মৃতদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা এসে দেহ শনাক্ত করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, না কি অন্য কোনওভাবে, তা জানতে তদন্ত শুরু করেছে রেলপুলিস।



