Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলগেট বিকল হয়ে যানজট, রাতভর গাড়ি চলাচল বন্ধ পানিহাটিতে

রেলগেট বিকল হয়ে যানজট, রাতভর গাড়ি চলাচল বন্ধ পানিহাটিতে
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: কখনও গেট ভেঙে পড়ছে। কখনও রেলগেট বিকল হয়ে যান চলাচল বন্ধ থাকছে। পানিহাটির আট নম্বর রেল গেটের যন্ত্রণায় নাজেহাল হচ্ছেন হাজার হাজার মানুষ। সোমবার মধ্যরাত থেকে এই রেলগেট বিকল হয়ে যাওয়ায় সারি দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক পণ্যবাহী লরি। মঙ্গলবার সকাল পর্যন্ত তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ। রেলের ইঞ্জিনিয়াররা গেট মেরামতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসী, ওই রেলগেট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির আট নম্বর রেলগেট অন্যতম ব্যস্ত রাস্তা। রেলগেটের একদিকে বিটি রোডের সোদপুর সুখচর গির্জা মোড়। উল্টো দিকে রাসমণি মোড় হয়ে একটি রাস্তা চলে গিয়েছে সোদপুর কাচকল হয়ে মধ্যমগ্রাম সোদপুর রোডে। আর একদিকে খড়দহ যাওয়া যায়। সোদপুর উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধ থাকায় মূলত আট নম্বর রেলগেট দিয়ে প্রচুর পণ্যবাহী লরি চলাচল করে। ফলে এই রাস্তায় ভারী গাড়ির পাশাপাশি অন্যান্য ছোট গাড়ি যাতায়াত করে। সোমবার মধ্যরাতে আচমকা ওই রেলগেট খারাপ হয়ে যায়। রেলগেট পড়ে থাকার ফলে রেললাইনের দু’দিকে আটকে পড়ে একের পর এক পণ্যবাহী গাড়ি। সকাল হতেই ছোট গাড়ির চাপ বাড়ার তীব্র যানজট তৈরি হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, রাতে রেলগেট সারানোর কাজ সেভাবে করা হয়নি। সকালে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছে রেলগেট মেরামত করেন। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ হয়ে পড়ে থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাঁদের অভিযোগ, কয়েক মাস আগেও এভাবে গেট খারাপ হওয়ায় তীব্র ভোগান্তি হয়েছিল। যদিও রেলের তরফে জানানো হয়েছে, রাতে রেলগেট সারানোর চেষ্টা করেও লাভ হয়নি। সকালে প্রয়োজনীয় সামগ্রী এনে ওই কাজ করা হয়।
সম্পর্কিত সংবাদ