নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রেল কর্মী ইউনিয়নের ভোট ঘিরে বুধবার দুপুরে বারাকপুর রেল স্টেশন চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। প্ল্যাটফর্মে তৈরি হওয়া বুথ ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। অভিযোগ, মারধর করা হয়েছে কয়েকজন রেলকর্মীকে। আক্রান্ত কর্মীরা বলেন, বুধবার থেকে রেলকর্মী ইউনিয়নের ভোট শুরু হয়েছে। আমরা বুথ ক্যাম্পে বসে ছিলাম। হঠাৎ ২৫-৩০ জন বহিরাগত এসে বুথ ক্যাম্পে হামলা চালায়। চেয়ার-টেবিল ভাঙচুর করে। আমাদের মারধর করে। আমাদের চলে যেতে বলা হয়। আতঙ্কে রয়েছি। মূলত, ইআরএমসি এবং ইআরএমইউ বুথ ক্যাম্পেই হামলা চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফ জওয়ানরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিটি প্ল্যাটফর্ম জুড়ে আরপিএফ মোতায়েন করে দেওয়া হয়।



