Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রক্তের কার্ড নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত যুবক

রক্তের কার্ড নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত যুবক
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাইয়ের চিকিৎসার জন্য রক্তের কার্ড নিয়ে ট্রেন ধরে মছলন্দপুর ফিরছিলেন দাদা। কিন্তু লাইনের ধারের পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হল ওই কলেজ পড়ুয়া দাদার। রবিবার সকালে ঘটনাটি ঘটে শিয়ালদহ-বনগাঁ শাখার মছলন্দপুর ও গোবরডাঙা স্টেশনের মাঝখানে বেলডাঙা ৩৬ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। আর জি করে চিকিৎসা চলাকালীন রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম বিক্রম দেবনাথ (২২)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, জেঠতুতো ভাইয়ের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন ছিল। সেই রক্ত জোগাড় করতেই মছলন্দপুরের বাড়ি থেকে শুক্রবার বিকেলে বের হন বিক্রম। মছলন্দপুর স্টেশন থেকে ট্রেন ধরে গোবরডাঙা হিন্দু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বিক্রম দেবনাথ এসেছিলেন গোবরডাঙা। সেখান থেকে রক্তের কার্ড নিয়ে বাড়ির ফেরার পথেই ঘটে বিপত্তি। বিষয়টি জানার পরেই স্থানীয় ও জিআরপি পুলিস আহত বিক্রমকে উদ্ধার করে নিয়ে আসেন মছলন্দপুর স্বাস্থ্য কেন্দ্র। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় বিক্রমের।
Advertisement
সম্পর্কিত সংবাদ