মুক্তির অপেক্ষায় ‘মেরে হাজবেন্ড কি বিবি’। অর্জুন কাপুরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে। গত বছর অক্টোবরে মেরুদণ্ডে আঘাত পান নায়িকা। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। প্রায় দু’মাস বিশ্রামে থাকতে হয়েছিল নায়িকাকে। ফের কাজে ফেরা তাঁর কাছে ছিল এক কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন নায়িকা। জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই কঠিন পথ পেরিয়ে কাজে ফিরতে হয়েছে তাঁকে। তাঁর কথায়, ‘আমার ধারণা, যে কোনও ধরনের আঘাত মানসিকভাবে দুর্বল করে দেয়। এই শিক্ষা এই দু’মাসের বিরতিতে পেয়েছি। তবে এ বছর আমি মেরুদণ্ডকে স্টিলের মতো দৃঢ় করে তুলব। এটা আমার প্রতিজ্ঞা।’ উল্লেখ্য, সেফটি বেল্ট ছাড়াই ৮০ কিলো ওজন তুলে শরীরচর্চা করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছিলেন রাকুল। যদিও বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। জোরকদমে নিজের আসন্ন ছবির প্রচার করছেন নায়িকা।



