নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্রীড়া ও যুব দপ্তরের উদ্যোগে আয়োজিত বিবেক চেতনা ও সুভাষ উৎসব পালিত হয়েছে। সেখানে রাজ্যস্তরের বসে আঁকো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল হাওড়া ডোমজুড়ের এক মূক ও বধির তরুণ আদিত্য নস্কর। ১৩ জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি হয়। অংশ নিয়েছিল বিভিন্ন জেলার দুশোরও বেশি পড়ুয়া ও তরুণ-তরুণী। স্বামী বিবেকানন্দের বাণী সম্পর্কিত একটি ছবি এঁকে প্রথম হয় ডোমজুড়ের বেগরির বাসিন্দা আদিত্য। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক ও তিন হাজার টাকার পেয়েছে সে। ছোটবেলা থেকেই কানে শুনতে ও বলতে পারে না আদিত্য। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর শারীরিক প্রতিবন্ধকতার কারণেই আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সে। কিন্তু ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি তার প্রবল ভালোবাসা। আগামীতে শিল্পকলা নিয়ে এগিয়ে যেতে চায় আদিত্য।



