সংবাদদাতা, তারকেশ্বর: ধনেখালি থানার অন্তর্গত পারাম্বুয়া-সাহাবাজার পঞ্চায়েতের বাসিন্দা প্রথম শ্রেণির দুই পড়ুয়া জেলাস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। সেই সুবাদে রাজ্যস্তরে অংশগ্রহণের সুযোগ পেয়েছে তারা। তাদের একজন দিনমজুর পরিবারের সন্তান, অন্যজনের মা নেই, অভাবী পরিবার। পশ্চিম মেদিনীপুরে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার জন্য বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায়ের পক্ষ থেকে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
Advertisement
ধনেখালি থানার অন্তর্গত চৌতারা বিধুমণি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী মান্ডি এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সৌম্যদীপ বাউরি ২৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হতে চলা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। সরকারি উদ্যোগেই তাদের সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দৈনন্দিন খরচের মধ্যে সন্তানের সাফল্য চিন্তায় ফেলে দুই পরিবারকে। পঞ্চায়েতের মাধ্যমে এই খবর পৌঁছয় বিধায়কের কাছে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তৎক্ষণাৎ দুই পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। এদিন দুই প্রতিযোগীর পরিবারের হাতে মোট দশ হাজার টাকা তুলে দেন তিনি। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ কোঙার জানান, দুই পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা বিধায়কের সঙ্গে এ নিয়ে আলোচনা করি। তখনই তাদের আর্থিক সহযোগিতার কথা বলা হয়। আমরা ওদের সাফল্য কামনা করি।



