Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা বিরোধীদের 

রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা বিরোধীদের 
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর সভা চালানোর প্রক্রিয়ায় প্রবল ক্ষুব্ধ বিরোধীরা। তাই শেষমেশ রাজ্যসভার চেয়ারম্যানকে তাঁর পদ থেকে সরানোর দাবিতে মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা একজোট হলেন। রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে জগদীপ ধনকারকে সরানোর প্রস্তাব সংক্রান্ত নোটিস আজ মঙ্গলবার জমা দেওয়া হবে বলেই ঠিক করেছে বিরোধীরা। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ক্লজ ‘বি’ সামনে রেখেই এই চিঠি জমা করতে চলেছে বিরোধীরা। সত্তর জনেরও অধিক রাজ্যসভার সদস্য ওই চিঠিতে সই করেছেন। বিষয়টিতে সোনিয়া গান্ধীরও মত রয়েছে। তবে তিনি চিঠিতে সই করেননি। 
Advertisement
বিধি মোতাবেক রাজ্যসভায় এই প্রস্তাব পেশ করতে হলে ১৪ দিন আগে নোটিস দিতে হয়। অর্থাৎ চিঠি দিতে হয়। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। ফলে সেই হিসেবে এবারের অধিবেশনে বিরোধীদের এই প্রস্তাব আসার সুযোগ নেই। একইসঙ্গে সভায় প্রস্তাব আনা হলেও ভোটাভুটিতে বিরোধীদের জয়ের সম্ভাবনাও কম। সরকার পক্ষের সাংসদের সংখ্যা বিরোধীদের চেয়ে বেশি। তবুও জগদীপ ধনকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে বার্তা দিতেই এই উদ্যোগ বলেই জানিয়েছেন বিজেপি বিরোধী সাংসদরা। 
জগদীপ ধনকারকে রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে সরানোর জন্য বাদল অধিবেশনেই উদ্যোগী হয় বিরোধীরা। কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, আম আদমি পার্টির সঞ্জয় সিং, উদ্ধবপন্থী শিবসেনার সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদবের মতো সাংসদরা। প্রস্তাব সম্মিলিত চিঠিও তৈরি হয়ে যায়। কিন্তু শেষমেশ তা জমা করা হয়নি। তৃণমূলের রাজ্যসভার এক সদস্যের কাছে সেই চিঠি রাখা ছিল। তবে দিন কয়েক আগে তা নিজের কাছে নিয়ে নেন জয়রাম রমেশ। 
বিজেপি বিরোধীদের অভিযোগ, রাজ্যসভার চেয়ারম্যানের মতো মর্যাদাপূর্ণ পদের অবমাননা করছেন জগদীপ ধনকার। অধিকাংশ সময়ে বিরোধীদের বলতে দেন না। নিজের কথাই বলেন। তাই সংসদীয় গৌরবের উপর আঘাত ও তাঁর সভা চালানোর আঙ্গিক আর মেনে নেওয়া যাচ্ছে না। সেই কারণেই গতবার তাঁকে সরানোর চিঠি তৈরি করে রাখা থাকলেও সচিবালয়ে জমা দেওয়া হয়নি। তবে এবার দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ