Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজ্যসভার বিতর্কে সমাপ্তি ভাষণ শাহর, উত্তরাধিকারের বার্তা দিলেন প্রধানমন্ত্রী? 

রাজ্যসভার বিতর্কে সমাপ্তি ভাষণ শাহর, উত্তরাধিকারের বার্তা দিলেন প্রধানমন্ত্রী? 
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব থেকে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির অভিভাষণ। বিশেষ অধিবেশন হোক বা গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন। লোকসভায় বিতর্কে সরকারের জবাবি ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কোনও বৃহত্তর সিদ্ধান্ত, ইস্যু কিংবা আইনের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষে সরকারের জবাবি ভাষণের সিংহভাগ তিনিই দিয়ে থাকেন। সুতরাং সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি নিয়ে আলোচনার পর লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রীই যে বলবেন তা নিয়ে কোনও সংশয় ছিল না। কিন্তু রাজনৈতিক মহলকে বিস্মিত করে লোকসভায় সরকারের জবাবি ভাষণ মোদি দিলেও রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়িত্ব দেওয়া হল সরকার পক্ষের সমাপ্তি ভাষণের বক্তা হিসেবে। তিনি কী বললেন সেই ভাষণে, সেই উপজীব্যের থেকেও জল্পনা ও চর্চা তুঙ্গে উঠেছে যে, তাহলে কি এভাবেই বার্তা দেওয়া হচ্ছে যে অমিত শাহ পরবর্তী প্রধানমন্ত্রী? এমন নয় যে, সংবিধানের সঙ্গে কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রকই জড়িত। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বেছে নেওয়া হল? কারণ হিসেবে মনে করা হচ্ছে, তিনি যে আগামী দিনের ‘প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং’, সেটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া।
Advertisement
সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি নিয়ে দু’দিন ধরে আলোচনায় রাজ্যসভায় সমাপ্তি ভাষণে অবশ্য অমিত শাহ নতুন কিছুই বললেন না। তাছাড়া, সংবিধানের ৭৫ বছরের যাত্রা নিয়েও কোনও তাৎপর্যপূর্ণ ভাষ্য পাওয়া গেল না। নেহরু থেকে রাজীব গান্ধী সকলেই সংবিধানকে কীভাবে অসম্মান করেছেন সেই অভিযোগ তুলে তালিকা পেশ করলেন। এবং লোকসভায় যা যা মোদি বলেছিলেন, হুবহু সেই কথারই পুনরাবৃত্তি করে গেলেন শাহ। এদিন সাভারকরের জয়ধ্বনি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের আর কোনও স্বাধীনতা সংগ্রামী নয়, বারংবার তাঁর মুখে উঠে এসেছে সাভারকরের জয়গাথা এবং আত্মত্যাগের কথা। সংবিধানের গৌরবজনক যাত্রা ছিল সংসদের আলোচ্য বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী সিংহভাগ সময় ব্য‌য় করলেন জরুরি অবস্থা নিয়ে।
সম্পর্কিত সংবাদ