নয়াদিল্লি: নতুন মাত্রা পেল রাজ্যপালের সঙ্গে তামিলনাড়ুর ডিএমকে সরকারের সংঘাত। রবিবার রাজ্যপাল আর এন রবিকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রাজ্যপালের আচরণ ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করেন তিনি। যার জবাব দিতে কালক্ষেপ করেনি রাজভবন। মুখ্যমন্ত্রীর এমন ঔদ্ধত্য সঠিক নয় বলে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি দেশ ও সংবিধানের ‘নির্লজ্জ অবমাননা’ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল।
Advertisement
ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি রাজ্য বিধানসভার অধিবেশনের সূচনা ঘিরে। সেখানে রাজ্য সঙ্গীতের পরিবেশনের পর রাজ্যপালকে ভাষণ দিতে বলা হয়েছিল। তাতে আপত্তি তোলেন রাজ্যপাল। অধিবেশনের শুরুতে জাতীয় সঙ্গীত না বাজানো জাতীয় সঙ্গীতের অবমাননা বলে মনে করেন তিনি। ভাষণ না দিয়েই বিধানসভা কক্ষ ত্যাগ করেন। এই ঘটনাকে সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি ‘নির্লজ্জ অসম্মান’ বলে এক্স হ্যান্ডলে তোপ দাগেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘রাজ্যপাল আর এন রবি সংবিধান লঙ্ঘনের রীতি তৈরি করেছেন। তাঁর আচরণ শিশুসুলভ।’ রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারছেন না বলেও তোপ দাগেন। একইসঙ্গে স্ট্যালিনের প্রশ্ন, যে ব্যক্তি আইনগতভাবে দায়িত্ব নিতে অনিচ্ছুক, তিনি কেন দায়িত্বে থাকবেন?



