নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যগুলি তাদের জিডিপির নিরিখে ঋণের বোঝা কতটা কমাতে বা বাড়াতে পারছে, তার উপর নির্ভর করে তাদের আর্থিক স্থিতি। দেশের অন্যতম ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল দাবি করেছে, চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সাল শেষে দেশের বড় রাজ্যগুলি তাদের জিডিপির নিরিখে ঋণের বোঝা খুব একটা কমাতে পারবে না। তা কমতে পারে ১ শতাংশেরও কম হারে। মোট ১৮টি রাজ্যকে এই তালিকায় রেখেছে তারা, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। ক্রিসিলের দাবি, এই ১৮টি রাজ্যের ঋণের বোঝা তাদের মোট জিডিপির ৩২ শতাংশ। তা এবার ০.৪ থেকে ০.৬ শতাংশ কমতে পারে। এই দাবির সপক্ষে যুক্তি দিয়ে ক্রেডিট রেটিং সংস্থাটি দাবি করেছে, আর্থিক ঘাটতি কমাতেই ঋণের বোঝা বাড়াবে রাজ্যগুলি। সেক্ষেত্রে জিডিপি বাড়লেও, তা ঋণের অনুপাতে বড় প্রভাব ফেলতে পারবে না। এবার লোকসভা ভোটের জেরে রাজ্যগুলি চলতি অর্থবর্ষের গোড়ায় তেমনভাবে পরিকাঠামো খাতে খরচ করতে পারেনি। এবার তারা তা বাড়ানোর চেষ্টা করবে এবং ঋণের পরিমাণ বাড়াবে। তা রাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলবে।



