Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজ্যে উপাচার্য নিয়োগ, মুখ্যমন্ত্রীর অধিকার কাড়তে ফের শীর্ষ আদালতে কেন্দ্র

রাজ্যে উপাচার্য নিয়োগ, মুখ্যমন্ত্রীর অধিকার কাড়তে ফের শীর্ষ আদালতে কেন্দ্র
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কেড়ে নিতে মরিয়া মোদি সরকার। তাই কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যর (সি ভি আনন্দ বোস) মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করা হল। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন। মূল মামলা আগামী ৯ ডিসেম্বর শোনার কথা ছিল। কিন্তু অ্যাটর্নির অনুরোধে উপাচার্য বাছাইয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামতকে অপেক্ষাকৃত কম করার এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার ১১ নভেম্বর। 
Advertisement
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্য-রাজ্যপাল বিবাদ চলছেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক হয়েছে, সার্চ কমিটি প্রস্তাবিত একটি নামের তালিকা দেবে। এবং সেই তালিকা থেকে নাম বেছে নেবেন মুখ্যমন্ত্রী। সেই নাম তিনি পাঠাবেন রাজ্যপালকে। কারণ, আদতে নিয়োগ কর্তা আচার্যই। 
আর এই নিয়মেই আপত্তি আচার্যর। বলা ভালো কেন্দ্রের। তাই এদিন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী নয়। উপাচার্য হতে পারেন এমন প্রস্তাবিত নামের তালিকা ‘অর্ডার অব প্রেফারেন্স’ অর্থাৎ যোগ্যতার ক্রম ঠিক করে দিক সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিই। সেই মোতাবেক নিয়োগ হোক। এই আবেদনের যুক্তি হল, মুখ্যমন্ত্রী নাম বাছলে সেটি রাজ্যপাল তথা আচার্যর পছন্দ নাও হতে পারে। ফলে বিবাদ চলতেই থাকবে। উভয়ের আবেদনের ভিত্তিতে বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দেন, ঠিক আছে, আপনাদের আবেদনের বিষয়টি সোমবার শোনা হবে। তবে এটাও শুনে রাখুন, আদতে যদি নিয়োগে বিলম্ব তথা আরও জটিলতা বাড়ে, তাহলে আমরা অর্থাৎ সুপ্রিম কোর্টই উপাচার্য নিয়োগ করব।
সম্পর্কিত সংবাদ