Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য না সরালে নিউটাউনের আইসিকে সরিয়ে দেবে হাইকোর্টই

রাজ্য না সরালে নিউটাউনের আইসিকে সরিয়ে দেবে হাইকোর্টই
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কার আশীর্বাদে নিউটাউন থানার আইসি-র এত বাড়বাড়ন্ত?’ এবার সরাসরি এই প্রশ্ন তুলে নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ‘এই অফিসারের বিরুদ্ধে সাতদিনের মধ্যে ব্যবস্থা নেবে রাজ্য, নাহলে আদালত পদক্ষেপ করবে।’ 
Advertisement
জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নিউটাউন থানা এলাকায় শাসকদল ঘনিষ্ঠ প্রোমোটারের বিরুদ্ধে জোর করে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ ওঠে। আবেদনকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত না করে অভিযুক্ত প্রোমোটারের পক্ষ নিয়েছিলেন ওই আইসি। এই মামলাতেই থানার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনারকে আইসি-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আদালতে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি।  
ওই পুলিস আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে এদিন রিপোর্ট জমা দেয় বিধাননগরের ডেপুটি কমিশনার। তিনি জানান, ‘পুলিস কমিশনার নিজে ডেকে আইসি-কে সতর্ক করেছেন। সার্ভিস বুকে তার প্রতিফলন দেখা যাবে।’ এই বক্তব্য শুনে বিস্মিত বিচারপতি বলেন, ‘এতদিন পর শুধু সর্তক করা হল? এই আইসি-র কমিশনারেট এলাকায় কাজ করার কোনও অধিকার নেই। এই আইসি-কে সরতেই হবে।’ বিচারপতি আরও বলেন, ‘আমি এই অফিসারের বিগত পাঁচটি থানার কাজকর্ম খতিয়ে দেখেছি। ওই অফিসার বাগুইআটি থানায় থাকাকালীন দুই শিশু নিখোঁজ হয়ে যায়। দু’দিন পরে দেহ উদ্ধার হয়। এই অফিসার কিছুই করেননি বলে অভিযোগ ওঠে। থানা থেকে তিনটি গাড়ি একদিনে চুরির অভিযোগ সত্ত্বেও তাঁর বিরুদ্ধে একইভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। কার আশীর্বাদে নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়ে বিধাননগরের কমিশনারেটের মধ্যে কাজ করছেন, তা জানতে চাই?’ 
এই অফিসারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে রাজ্য, তা পরবর্তী শুনানিতে জানাতে হবে। আগামী ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে, বাগুইআটি থানা থেকে চুরি যাওয়া তিনটি গাড়ি উদ্ধার করা গিয়েছে বলে এদিন বিচারপতি ঘোষের এজলাসে জানিয়েছে রাজ্য।
সম্পর্কিত সংবাদ