সংবাদদাতা, রায়গঞ্জ: তপন নাগের সাসপেনশন প্রত্যাহার নিয়ে ফের সরব রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল সারাবাংলা শিক্ষাবন্ধু সংগঠন। শুক্রবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রেজিস্ট্রার দুর্লভ সরকারকে স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা। তাঁদের মূল দাবি, সংগঠনের জেলা সভাপতি তপন নাগের সাসপেনশন তুলে নিতে হবে। সামনেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই অনুষ্ঠানে তপনকে আমন্ত্রণ করতে হবে। সারাবাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্য বিজয় সরকার বলেন, তপন নাগকে সাসপেন্ড করা হলেও এখনও কোনও তদন্ত শুরু হয়নি। ইচ্ছাকৃতভাবে তদন্ত প্রক্রিয়ায় দেরি করা হচ্ছে। তৃণমূল সারাবাংলা শিক্ষাবন্ধু সংগঠনের সদস্যদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে না এসেই তাঁর বাংলোতে বসেই বেতন নিচ্ছেন। এদিন শিক্ষাকর্মীদের স্মারকলিপি গ্রহণ করার পর রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, বিষয়টি আমি উপাচার্যকে জানাব। উপাচার্য দীপককুমার রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সবকিছু হচ্ছে।



