Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজস্থানের গ্রামে তিনদিন কুয়োয় আটকে শিশু

রাজস্থানের গ্রামে তিনদিন কুয়োয় আটকে শিশু
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: পেরিয়ে গিয়েছে তিনদিন। রুদ্ধশ্বাস উদ্ধারকাজে শামিল জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। তবে দেড়শো ফুটের কুয়োয় আটকে পড়া তিন বছরের শিশু চেতনাকে উদ্ধার করা যায়নি। রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার বাদিওয়ালি ধানি এলাকার এই ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটছে ওই শিশুর পরিবারের। একরত্তি চেতনা কুয়োয় পড়ে যাওয়ার পর সোমবার থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন তার মা। জানা যাচ্ছে, এনডিআরএফ এবং এসডিআরএফের পর এবার উদ্ধারকাজে  নেমেছেন ‘র‌্যাট-হোল মাইনিং’ বিশেষজ্ঞরা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এহেন খনন প্রক্রিয়া ‘নিষিদ্ধ’ করা হলেও চেতনা যেভাবে দেড়শো ফুট নীচে আটকে রয়েছে, তাতে বিশেষ এই পদ্ধতি ছাড়া তাকে উদ্ধার করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, কুয়োটির গভীরতা ৭০০ ফুট। পাশে ‘র‌্যাট হোল’ পদ্ধতিতে খনন শুরু হলেও সামান্যতম অসাবধানতায় কুয়োর গর্তে ধাক্কা লেগে চেতনা আরও নীচে চলে যেতে পারে। সেই আশঙ্কায় বার বার উদ্ধারকাজ থামাতে হচ্ছে। 
Advertisement
ইতিমধ্যেই অক্সিজেন পাইপ ও ক্যামেরা কুয়োর নীচে নামিয়ে ওই শিশুর গতিবিধি জানার চেষ্টা চলছে। তবে খবর মিলেছে, বর্তমানে তাকে ঠাওর করা যাচ্ছে না। এমনকী সে নড়াচড়া করছে কি না, তারও হদিশ মিলছে না। তবে উদ্ধারকারী দলের পাশাপাশি গোটা গ্রামের মানুষও আশা ছাড়েননি। চেষ্টা চলছে।
সোমবার খেলতে খেলতে ওই কুয়োয় পড়ে যায় তিন বছরের চেতনা। প্রথমে সে ১৫ ফুট নীচে আটকেছিল। তবে পরিবারের লোকজন দড়ি দিয়ে উদ্ধারের চেষ্টা করতে গেলে সে আরও নীচে চলে যায়। এখন দেড়শো ফুট নীচে চেতনা আটকে রয়েছে। তাকে লম্বা রড দিয়ে টেনে বাইরে বের করার চেষ্টা করে উদ্ধারকারী দল। তবে দু’দিন ধরে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে ‘র‌্যাট হোল মাইনিং’ টিম হাল ধরেছে। ওই কুয়োর পাশে সমানভাবে একটি গর্ত খুঁড়ে সেখান দিয়ে নীচে নেমে চেতনাকে উদ্ধারের চেষ্টা চলছে। এসএইচও মহম্মদ ইমরান বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের দল রয়েছে। শিশুকে উদ্ধারের পরই যাতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সে জন্য সম্পূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। পুলিস অফিসার জানান, এদিনের মধ্যেই উদ্ধারকাজ শেষ করা হবে। 
 
সম্পর্কিত সংবাদ