নয়াদিল্লি: সরকারি কলেজের মূল প্রবেশদ্বারে কমলা রং করতে হবে। রাজস্থানের বিজেপি সরকারের এই ফরমানে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ‘গেরুয়াকরণ’ বলে তোপ দেগেছে কংগ্রেস। সম্প্রতি রাজস্থানের এডুকেশন কমিশনারেট এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের ২০টি সরকারি কলেজের মূল প্রবেশদ্বারে কমলা রং করতে হবে। কায়াকল্প প্রকল্পের অধীনে এই নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বর্ণিম চতুর্বেদীর কটাক্ষ, জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে পদ্মশিবির ক্ষমতায় এসেছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে। তাই মনোযোগ অন্যদিকে ঘুরাতেই শিক্ষাক্ষেত্রে ‘গৈরিকীকরণ’ শুরু হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠনের নেতা বিনোদ জাখর বলেন, কলেজগুলিতে বহু অধ্যাপকের পদ ফাঁকা। কোথাও নিয়োগ নেই। এসব সমস্যা দূর না করে জনগণের টাকায় রাজনীতি শুরু করেছে বিজেপি সরকার। যদিও শিক্ষাদপ্তরের দাবি, পঠনপাঠনের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ।



