Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজস্থানে ১৫০ ফুট কুয়োয় পড়ল তিন বছরের শিশু! ২০ ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ

রাজস্থানে ১৫০ ফুট কুয়োয় পড়ল তিন বছরের শিশু! ২০ ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর, ২৪ ডিসেম্বর: ফের কুয়োয় পড়ল শিশু! রাজস্থানের দৌসার পর এবার কোটপুতলি-বেহরুর জেলাতে। গতকাল সোমবার খেলতে খেলতে খোলা মুখের এই কুয়োটিতে পড়ে যায় বছর তিনেকের এক শিশু কন্যা। চলছে উদ্ধারকাজ। কিন্তু সেই উদ্ধার কাজ চালাতে গিয়েই হিমশিম খাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। প্রায় ২০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও কুয়োতেই আটকে রয়েছে সে চেতনা নামক ওই শিশুটি।
Advertisement
পরিবার সূত্রে খবর, গতকাল, সোমবার দুপুরে বাড়ির পাশেই একটি জমিতে খেলছিল চেতনা। আচমকাই সেখানকার একটি কুয়োয় পড়ে যায় সে। কুয়োটির মুখ খোলা ছিল বলেই জানা গিয়েছে। প্রথমে শিশুটির বাবা-মা বুঝতেই পারেননি বিষয়টি। পরে ওই কুয়োর ভিতর থেকে চেতনার কান্নার আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীদের ডেকে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। কিন্তু কুয়োটি বেশ গভীর হওয়ায় ব্যর্থ হন তাঁরা। জানা গিয়েছে, কুয়োটির গভীরতা প্রায় ৭০০ ফুট। তবে ১৫০ ফুট গভীরের কোনও জায়গাতেই শিশুটি আটকে গিয়েছে। এরপরই থানায় ও দমকলে খবর দেওয়া হয়। পুলিস আধিকারিক ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তাঁরাও উদ্ধার করতে ব্যর্থ হন। অবশেষে উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুয়োর মধ্যে অক্সিজেন পাঠিয়ে শিশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। পাশাপাশি কুয়োর ভিতরে পাঠানো হয়েছে ক্যামেরাও। যাতে শিশুটির অবস্থান নজরে রাখা যায়। কিন্তু এরপর পেরিয়ে গিয়েছে প্রায় ২০ ঘণ্টা। কিন্তু এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।  তাই ক্রমাগত উদ্বেগ বেড়েই চলেছে। জানা গিয়েছে, প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটিকে হুক কৌশল পদ্ধতিতে বের করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজস্থানের দৌসায় একটি ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হয় আরিয়ান নামক এক শিশুর।
সম্পর্কিত সংবাদ