Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজারহাটের নিখোঁজ ছাত্র ৩ দিন পর উদ্ধার বারাসত থেকে

রাজারহাটের নিখোঁজ ছাত্র ৩ দিন পর উদ্ধার বারাসত থেকে
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্কুলে যাওয়ার আগে খাবার কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল রাজারহাটের এক স্কুলছাত্র। কিন্তু, সেদিন বাড়ি থেকে বেরনোর পর আর ঘরে ফেরেনি! যায়নি স্কুলেও! রাত পর্যন্ত বাড়ি না ফেরায় থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। তাঁকে অপহরণ করা হয়েছে, এই আশঙ্কা করে এক সন্দেহভাজনকে পুলিসের হাতে তুলে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে ওই ঘটনার তদন্তে নেমে তিনদিন পর বৃহস্পতিবার বারাসত থেকে ওই ছাত্রকে উদ্ধার করল পুলিস। এক পুলিস আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পড়াশোনা করতে খুব একটা ইচ্ছে নেই তার। বরং গ্যারাজে কাজ করতেই আগ্রহী। তাই সে নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাড়ির সামনে থেকে অটোয় উঠছে, সেই ছবি সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গিয়েছে। এদিকে, ছেলেকে খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরেছে ওই পরিবারে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজারহাট থানার রাইগাছি এলাকায় ওই ছাত্রের বাড়ি। সে সপ্তম শ্রেণিতে পড়ে। বয়স ১৩ বছর। স্কুলে যাওয়ার আগে সামনের দোকান থেকে সে খাবার কিনতে গিয়েছিল। তা খেয়েই স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু, সে আর বাড়িতে ফেরেনি। দিনভর স্কুল, আত্মীয়দের বাড়ি সহ সর্বত্র খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তারপর ওইদিন রাতে পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। এদিকে, ঘটনার দিন সকালে ওই ছাত্রের বাড়িতে এক ব্যক্তি এসেছিলেন। তিনি ছাত্রের মায়ের কাছে এক হাজার টাকা ধার চেয়েছিলেন। কিন্তু, সেই টাকা তিনি পাননি। এলাকার লোকজনের অনুমান, ওই ব্যক্তি সেই আক্রোশ থেকেই অপহরণ করে থাকতে পারে। তাই বুধবার রাতে তাঁকে পাকড়াও করে রাজারহাট থানার হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, বারাসত শহরে আনমনা হয়ে ঘুরে বেড়াচ্ছিল ওই ছাত্র। স্থানীয়দের তা দেখে সন্দেহ হয়। তাঁরাই স্থানীয় পুলিসকে খবর দেন। সেখান থেকে খবর পায় রাজারহাট থানা। তারপর ওই ছাত্রকে উদ্ধার করে রাজারহাটে নিয়ে আসা হয়।
সম্পর্কিত সংবাদ