নয়াদিল্লি: চর্চায় থাকলেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কর্মকালের মেয়াদ আর বাড়ল না। তাঁর জায়গায় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে কেন্দ্রীয় ব্যাঙ্কের ২৬ তম গভর্নর হিসেবে নিয়োগ করল মোদি সরকার। আজ মঙ্গলবার শেষ হচ্ছে শক্তিকান্তর দ্বিতীয় দফার কর্মকালের মেয়াদ। তার আগে নতুন গভর্নর নিয়োগে ছাড়পত্র দিয়ে দিল মন্ত্রিসভার নিয়োগ কমিটি। সোমবার কেন্দ্র জানিয়েছে, আগামী বুধবার নিজের কার্যভার বুঝে নেবেন মালহোত্রা। ১৯৯০ সালের রাজস্থান ক্যাডারের এই আইএসএস অফিসার আগামী তিন বছর এই পদে থাকবেন। ৫৬ বছরের মালহোত্রা কানপুর আইআইটির কম্পিউটার সায়েন্সের স্নাতক। আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ‘পাবলিক পলিসি’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ৩৩ বছরের প্রশাসনিক কেরিয়ারে মালহোত্রা শক্তি, অর্থ, রাজস্ব, তথ্যপ্রযুক্তি ও খনি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। বর্তমানে তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব। তার আগে অর্থমন্ত্রকেরই আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলেন তিনি।
Advertisement
মূল্যবৃদ্ধি ও রেপো রেট নিয়ে বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে মোদি সরকারের সংঘাতের খবর সামনে এসেছিল। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের অর্থনৈতিক উপদেষ্টা—সরকারের বিভিন্ন মহল থেকে শক্তিকান্তকে বার্তা দেওয়া হচ্ছিল, মূল্যবৃদ্ধি নিয়ে মাথা না ঘামিয়ে রিজার্ভ ব্যাঙ্ক যেন রেপো রেট কমায়। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার গত দু’বছরের তলানিতে নেমে যাওয়ার পর সরকারি স্তর থেকে এই চাপ আরও বেড়েছিল। কিন্তু এই পর্বে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধিও আরবিআই নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি মাথা তুলেছে।অর্থনীতির এই দ্বিমুখী সঙ্কটের মুখে শক্তিকান্ত বারবার মূদ্রাস্ফীতিকেই বোতলবন্দি করার উপর জোর দিয়েছেন। মানিটারি পলিসি কমিটি (এমপিসি)-র সাম্প্রতিক বৈঠকের পর রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তেই অটল ছাকেন শক্তিকান্ত।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে উর্জিত প্যাটেল আকস্মিকভাবে সরে যাওয়ার পর ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন শক্তিকান্ত। প্রথম দফায় তিন বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে উর্জিত প্যাটেল আকস্মিকভাবে সরে যাওয়ার পর ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন শক্তিকান্ত। প্রথম দফায় তিন বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল।



