সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসাড়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম বিফল রবিদাস (৬০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে। কাজের সূত্রেই তিনি থাকছিলেন তারকেশ্বরে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিফল মুর্শিদাবাদ থেকে তারকেশ্বরে এসেছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় তাঁর ভাইপো এসে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন। কিন্তু তিনি সাড়া দেননি। পরে ডাক্তার এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিস।



