Bartaman Logo
২৭ মে, ২০২৬

রোজগার মেলা থেকে চাকরির নিয়োগপত্র দিতে পারবে কেন্দ্র, ছাড়পত্র হাইকোর্টের

রোজগার মেলা থেকে চাকরির নিয়োগপত্র দিতে পারবে কেন্দ্র, ছাড়পত্র হাইকোর্টের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাধা কাটল। এবার রোজগার মেলা থেকে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিতে পারবে কেন্দ্র। দেশজুড়ে আধাসামরিক বাহিনীতে ৪৬,৬১৭ শূন্যপদে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়ে এমনটাই জানাল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আধাসেনা বাহিনীর  নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশ করা যাবে। মূল মামলাকারীরা পরবর্তীকালে যোগ্য বলে বিবেচিত হলে মেধা তালিকায় স্থান দিতে হবে তাঁদেরকেও।
Advertisement
২০২২ সাল থেকে কেন্দ্রীয় সরকার রোজগার মেলার আয়োজন করছে। বছরে একাধিকবার এই মেলা হয়। ওই কর্মসূচিতে চাকরি প্রাপকদের সরাসরি নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ ডিসেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে আধাসামরিক বাহিনীর  ৪৬ হাজার শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা। এরাজ্যে মামলার জটে নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল। চাকরি থেকে বঞ্চিত হয়ে হাইকোর্টে মামলা করেন ৩৮ জন চাকরি প্রার্থী। তাঁদের মামলায় সিঙ্গল বেঞ্চ জানায়, মামলাকারীদের বিষয়টি বিবেচনা না-করে ওই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। 
সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্র। তারা দ্রুত শুনানির আর্জি জানায়। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ সেনাবাহিনীর ওই নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিয়েছে। গতবছর দেশজুড়ে আধাসেনার ৪৬,৬১৭ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্টাফ সিলেশন কমিশন (এসএসসি)। সেইমতো সারা দেশে তিন লক্ষাধিক আবেদন জমা পড়ে। নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। পশ্চিমবঙ্গে মামলা দায়ের হওয়ায় বিষয়টি ঝুলে ছিল।
সম্পর্কিত সংবাদ