সংবাদদাতা, কালিয়াচক: সকাল হলে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে কালিয়াচক চৌরঙ্গী চত্বর। শ্বাসপ্রশ্বাসের সমস্যায় পড়ছেন অনেকে। রাস্তা দিয়ে চলাচলেও হচ্ছে সমস্যা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ভুক্তভোগী পথচলতিরা। কিন্তু এই ধোঁয়ার উৎস কোথায়? খোঁজ নিয়ে জানা গেল, ধোঁয়ার উৎস চৌরঙ্গীর ৫০ মিটার দূরের ডাঁই হয়ে থাকা আবর্জনার স্তূপ। প্রতিদিন সাতসকালে কেউ এসে সেই আবর্জনায় আগুন জ্বালিয়ে দেয়। সেখান থেকে রীতিমত ঝাঁঝালো ধোঁয়া বের হয়ে ছেয়ে যায় পুরো এলাকা। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের সেদিকে নজর নেই।
Advertisement
কিন্তু আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে কিভাবে? স্থানীয়রা জানাচ্ছেন, কালিয়াচক চৌরঙ্গী ব্যস্ততম এলাকা। আশেপাশে প্রচুর খাবারের দোকান, ফলের দোকান, হোটেল রয়েছে। সেই দোকানগুলোর বর্জ্য পদার্থ এই চৌরঙ্গীর কাছে ফেলে দেওয়া হয়। আশেপাশের বাড়ি থেকেও অনেকেই বর্জ্য ও আবর্জনা নিয়ে আসে এই এলাকায়। স্থানীয় বাসিন্দা নাজিকুল শেখের বক্তব্য, এই এলাকার মানুষ এখনও সচেতন নন। অনেককেই বারণ করেছি, যাতে তারা বর্জ্য ও আবর্জনা এই জায়গায় না ফেলেন। কেউ সে কথায় কর্ণপাত করেন না। এমনকি বারণ করলে গালিগালাজ করেন। আরএক বাসিন্দা আব্দুল ওয়াহাব বলেন, আবর্জনার জেরে এলাকা দুর্গন্ধে ঢেকে যায়। মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিষহ হয়ে ওঠে। পাশাপাশি সকালের ধোঁয়ার জেরে অনেককেই নাজেহাল অবস্থার সম্মুখীন হন। বিষয়টি প্রশাসনের কাছে জানানো হয়েছে। কিন্তু কে কার কথা শোনে! এছাড়াও তার বক্তব্য, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
কালিয়াচক-১ এর বিডিও সত্যজিৎ হালদার জানিয়েছেন, বিষয়টি জানতাম না। প্রধানের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াচক-১ এর বিডিও সত্যজিৎ হালদার জানিয়েছেন, বিষয়টি জানতাম না। প্রধানের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।



