Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে সুভাষ মিলন মেলা ঘিরে ব্যাপক উন্মাদনা

রঘুনাথপুরে সুভাষ মিলন মেলা ঘিরে ব্যাপক উন্মাদনা
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-২ ব্লককে পর্যটন মানচিত্রে তুলে ধরতে নীলডি গ্রাম পঞ্চায়েতের পাবড়া পাহাড়কে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রথম বর্ষের পর্যটন উৎসব শুরু হল। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে পর্যটন উৎসবকে সুভাষ মিলন মেলা নাম দেওয়া হয়েছে। এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী মেলার উদ্বোধন করেন। মেলা কমিটির সভাপতি তথা রঘুনাথপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী, সম্পাদক সঞ্জয়কুমার মাহাথা, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসনের তরফে রঘুনাথপুর-২ ব্লককে পুরুলিয়া ট্যুরিজম সার্কিটের মধ্যে আনার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পাবড়া পাহাড়ের সৌন্দর্যকে কাজে লাগিয়ে মেলা শুরু হয়েছে। পাহাড় ছাড়া ব্লকে অন্যতম বিখ্যাত মৌতড়ের বড় কালী মন্দির, দামোদর নদের গর্ভে অবস্থিত একাধিক দেউল রয়েছে। এছাড়া সংরক্ষিত বান্দার দেউল আছে। পাশাপাশি ৭২ ফুটের হনুমানের বাঘড়াই চণ্ডীর মন্দির, প্রাচীন রাধা গোবিন্দের মন্দির রয়েছে। যেখানে ভিন রাজ্যের বহু পর্যটক বছর ভর ঘুরতে আসেন।
মেলা কমিটির তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি তিনদিন মেলা চলবে। মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। শীতের রাতে উত্তাপ ছড়াতে কলকাতার শিল্পীরা আসছেন। সঞ্জয়বাবু বলেন, খুব কম সময়ের মধ্যে মেলার আয়োজন করা হয়েছে। এলাকার মানুষ মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের তরফে পূর্ণ সহযোগিতা করা হয়েছে। ব্লক এলাকায় প্রচুর পর্যটনের সম্ভার রয়েছে। আড়ালে থাকার জন্য জন মানসে তেমন প্রচার হয়নি। আমরা ব্লক এলাকাকে মানচিত্রে তুলে ধরার জন্য সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সভাপতি বলেন, প্রথম বর্ষের মেলাতেই মানুষের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। উদ্বোধনের দিন থেকে এলাকায় ভিড় জমেছে। আগামী দিন এই মেলা জেলায় একটি অন্যতম স্থান গ্রহণ করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ