সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রঘুনাথপুর এলাকার কয়েকজন যুবক একাধিক দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিয়েছে। যুবকদের তরফ থেকে এলাকায় নির্মিত কারখানাগুলিতে স্থানীয় যুবক-যুবতীদের কাজের ব্যবস্থা করা, দুর্ঘটনা এড়াতে যান নিয়ন্ত্রণ ব্যবস্থা করা, দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ ও কারখানাগুলির সিএসআর ফান্ডে স্থানীয় এলাকায় উন্নয়নের কাজ করার দাবি জানানো হয়েছে। মহকুমা প্রশাসকের তরফ থেকে বিষয়গুলির উপর নজর দেওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগকারী যুবকদের মধ্যে সুশোভন তেওয়ারি, অমিত দাস, প্রসেনজিৎ দত্ত বলেন, বর্তমানে রঘুনাথপুরে অনিয়ন্ত্রিত ও ওভারলোডেড গাড়ির জন্য পথ দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি কারখানাগুলিতে দূষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। অন্যদিকে রঘুনাথপুর মহকুমা এলাকায় নির্মিত কারখানাগুলিতে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। স্থানীয় যুবকদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকলেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। তাই মহকুমা প্রশাসনকে বিষয়টি নজর দেওয়ার জন্য জানানো হয়েছে।



