Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রোগী মৃত্যু, উত্তরপাড়া হাসপাতালে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার

রোগী মৃত্যু, উত্তরপাড়া হাসপাতালে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার জেরে একদল জনতা ভাঙচুর চালাল উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পাশাপাশি এক রোগীর পরিবারের সঙ্গে হাসপাতাল কর্মীদের খারাপ ব্যবহারের অভিযোগকে ঘিরেও তৈরি হল উত্তেজনা। রবিবার এই দুই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে হাসপাতাল। পুলিস এসে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুতে গাফিলতি এবং অন্য রোগীর সঙ্গে খারাপ ব্যবহার, এই দুই অভিযোগই অস্বীকার করেছে। ভাঙচুরের ঘটনায় অভিযোগও দায়ের করেছে। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভাঙচুরের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
জানা গিয়েছে, পেটের সমস্যা নিয়ে শনিবার রাতে বালির বাসিন্দা রাজারাম প্রজাপতি নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার সকালে পঁয়ষট্টি বছর বয়সি ওই রোগীর মৃত্যু হয়। ঘটনার কথা জানার পর তাঁর পরিবার ক্ষোভে ফেটে পড়ে। পরিবারের সদস্যরা এবং উত্তেজিত জনতা হাসপাতালের একাধিক ওয়ার্ডে ভাঙচুর চালাতে শুরু করে। কাচের জানলা ভেঙে দেয়। সে সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরপাড়া থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃতের পরিবারের দাবি, হাসপাতাল সঠিক চিকিৎসা না করার ফলে রাজারামবাবু মারা গিয়েছেন। এদিকে, এদিনই তন্ময় দাশগুপ্ত নামে এক রোগীর পরিবারের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগও ওঠে। হাসপাতাল ভাঙচুরের ঘটনার মধ্যেই তন্ময়বাবুর পরিবারের অভিযোগ ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়। যদিও হিন্দমোটরের ওই বাসিন্দার পরিবার এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। 
হাসপাতাল সুপার মহম্মদ মহসিন বলেন, ‘রাজারাম প্রজাপতির চিকিৎসায় কোনও ত্রুটি হয়নি। যতরকম পরিষেবা দেওয়া সম্ভব তার সবই দেওয়া হয়েছিল। ওই পরিবার কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করেনি। অথচ বাইরে থেকে লোক এনে হাসপাতাল ভাঙচুর করার পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত করেছে। এ নিয়ে আইনি পদক্ষেপ করা হবে।’  নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ