প্রকাশিত শিক্ষাকর্মী নিয়োগের ফল,  ইন্টারভিউয়ে ডাক পাবেন ৩৮ হাজার
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণামতোই কালীপুজোর আগে শিক্ষাকর্মীদের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়ে গেল। বৃহস্পতিবার গ্রুপ-সি এবং গ্রুপ ডি কর্মীদের ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশন সূত্রে খবর, গ্রুপ ডির ৫,৪৮৮টি পদের জন্য প্রায় ২৭ হাজার এবং গ্রুপ সির ২,৯৮৯টি পদের জন্য মোট ১১ হাজার প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন। রিজিয়নভিত্তিক কঠিন প্রতিযোগিতার জন্যই এত বেশি সংখ্যক প্রার্থী ইন্টারভিউয়ের জন্য যোগ্য নির্বাচিত হয়েছেন।

Advertisement

এসএসসির এক কর্তা বলেন, ‘এই নিয়োগ হয় রিজিয়নভিত্তিক। একদিকে কাটঅফ নম্বর যেমন অনেক উঠেছে, তেমনই সেই নম্বরও পেয়েছেন বহু প্রার্থী। তাই, পদপিছু দুজন প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকার নিয়ম থাকলেও তার চেয়ে অনেক বেশি প্রার্থীকে ডাকতে হয়েছে।’ 
ফল ঘোষণা হলেও ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হয়নি। মনে করা হচ্ছে, শিক্ষকদের ইন্টারভিউ শেষ করে শিক্ষাকর্মীদের ইন্টারভিউ নেওয়ার পথে হাঁটবে এসএসসি। এবছর ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হয়। দুটি পরীক্ষায় সব মিলিয়ে ১৪-১৫ লক্ষ প্রার্থী বসেছিলেন। তাই ভাগ্য পরীক্ষার জন্য এই ফলের দিকে তাকিয়ে ছিলেন এই বিশাল সংখ্যক মানুষ।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ হারিয়েছিলেন প্রায় সাড়ে সাত হাজার শিক্ষাকর্মী। তাঁরা বেতনও পাচ্ছেন না দুবছরেরও বেশি সময় ধরে। তাঁদের ফের পরীক্ষায় বসিয়ে কাজে ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছিল আগের সরকার। তবে, নয়া পরীক্ষায় ফ্রেশারদের সঙ্গে প্রতিযোগিতায় বসতে হয় তাঁদের। ফলে, যে ফল প্রকাশিত হয়েছে, তাতে আগের পরীক্ষায় চাকরি পেয়ে আদালতের নির্দেশে কর্মচ্যুত বহু প্রার্থীর নাম নেই বলেই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, বিকাশ ভবনের সামনে দুদিন ধরে অবস্থান বিক্ষোভ করা উচ্চ মাধ্যমিকের পার্ট টাইম শিক্ষকরা স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের বিরুদ্ধে মুখ খুলেছেন। বুধবার মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের জানিয়েছিলেন, সহমর্মী হলেও তাঁদের চাকরির স্থায়ীকরণের নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ, তাঁরা সরকারের কাছ থেকে বেতন পান না। তাঁদের বেতন দিয়ে থাকে স্কুলগুলি। 
যদিও, আন্দোলনকারীদের তরফে অনিমেষ মাইতি বলেন, ‘আমাদের উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে হয়। বিএলও ডিউটি করতে হয়েছে। অন্যান্য সরকারি কাজেও আমাদের ব্যবহার করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত থাকলে তাঁদের স্থায়ী করা যায়। সেটা সরকারি নির্দেশেই রয়েছে। মন্ত্রী এই বিষয়গুলি এড়িয়ে গিয়েছেন।’