সংবাদদাতা, বেলদা: অধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় পদত্যাগপত্র পাঠালেন দাঁতনের ভট্টর স্বশাসিত কলেজের অধ্যক্ষ গিরিধারী পণ্ডা। সোমবার রাতে তিনি কলেজের পরিচালন কমিটির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কলেজের ইউনিয়ন রুম খোলার দাবিতে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমর্থনে আন্দোলন শুরু হয়। সেই কারণে কলেজে অস্থির পরিস্থিতি তৈরি হয়। তারপরেই এই ইস্তফার ঘটনায় শোরগোল পড়ে যায়। যদিও এই বিষয়ে অধ্যক্ষর তরফে কিছুই জানানো হয়নি।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলেজের ইউনিয়ন রুম বা ‘স্টুডেন্ট হেল্প ডেস্ক’ খোলার দাবিতে গেট আটকে আন্দোলনে নামেন পড়ুয়াদের একাংশ। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে চলা এই অবরোধের জেরে প্রায় ৩ ঘণ্টা কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় অধ্যক্ষ গিরিধারী পণ্ডাকে। তাঁর সঙ্গে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন সদস্যও। বিকেল সাড়ে ৩টে নাগাদ তিনি কলেজে ঢুকতে পারলেও, এই দীর্ঘ প্রতীক্ষায় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন এবং অপমানিত হন বলে খবর। এর পরেই রাতে ই-মেল মারফত পরিচালন কমিটির চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ২০২৫ সালের জানুয়ারিতে স্বশাসনের মর্যাদা পেয়েছে এই কলেজটি। প্রথমে ২০১৫ সালে ‘ন্যাক’ পরিদর্শনে ‘এ’ গ্রেড পেয়েছিল প্রতিষ্ঠানটি। পরবর্তীকালে ২০২৩ সালেও একই গ্রেড পায়। সেই সময় অধ্যক্ষ ছিলেন পীযূষকান্তি খাটুয়া। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন। তাঁর জায়গায় মেদিনীপুর কলেজের অধ্যাপক গিরিধারী পণ্ডা দায়িত্ব নিলেও তিন মাসের মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এটি কোনো দলীয় আন্দোলন ছিল না, বরং সাধারণ পড়ুয়ারা ছাত্র সহায়তা কেন্দ্র খোলার দাবিতে সরব হয়েছিল। ছাত্র কাউন্সিল ফি নেওয়া সত্ত্বেও কেন হেল্প ডেস্ক বন্ধ থাকবে, সেই প্রশ্নই তোলা হয়েছিল। অন্যদিকে, পরিচালন কমিটির চেয়ারম্যান দেবব্রত মিত্র পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করলেও অধ্যক্ষের এই সিদ্ধান্তের সঠিক কারণ স্পষ্ট করেননি। তিনি বলেন, অধ্যক্ষ আমাকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পরবর্তী মিটিংয়ে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে স্বয়ং অধ্যক্ষও ফোন ধরেননি ও মেসেজের উত্তর দেননি। সামনেই প্রথম সেমেস্টারের পরীক্ষা, তার আগে এই প্রশাসনিক ডামাডোলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে শিক্ষা মহলে।-নিজস্ব চিত্র