Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞার পাঁচথুপী গ্রামের রাজ পরিবারগুলির কূল দেবতার দর্শনে ঝুলন যাত্রায় ভিড় জমাচ্ছেন বাসিন্দারা

ঝুলনযাত্রায় শুধুমাত্র জমিদার বাড়ি কূলদেবতার দর্শন নয়, দিনভর বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠানে মেতেও থাকা যায়

বড়ঞার পাঁচথুপী গ্রামের রাজ পরিবারগুলির কূল দেবতার দর্শনে ঝুলন যাত্রায় ভিড় জমাচ্ছেন বাসিন্দারা
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ঝুলনযাত্রায় শুধুমাত্র জমিদার বাড়ি কূলদেবতার দর্শন নয়, দিনভর বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠানে মেতেও থাকা যায়। তাই বহুবছর ধরেই বড়ঞা ব্লকের পাঁচথুপী গ্রামের ঝুলন যাত্রায় ভিড় জমিয়ে আসছেন দর্শনার্থীরা। তবে আগের তুলনাই জৌলুস কমে গেলেও এবছরও ভালোই ভীড় হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে প্রতিবেশি তারাপুর গ্রামেও ঝুলনযাত্রায় প্রচুর দর্শনার্থী আসছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচথুপী গ্রামের ঝুলন যাত্রা ২০০ বছরেরও বেশি প্রাচীন। একসময় ঝুলন যাত্রা শুধুমাত্র জমিদার বাড়িগুলিতে সীমাবদ্ধ থাকলেও এখন গ্রামজুড়ে মানব ঝুলন যাত্রা হচ্ছে। গ্রামে বসেছে ঝুলনের মেলাও। তবে আগের তুলনাই মেলার পরিধি অনেকটাই কমে গিয়েছে বলে দাবি।
তবে জমিদারবাড়ির ঝুলনযাত্রা ঘিরে আজও বাসিন্দারা উন্মাদনায় মেতে উঠেন। কেবল প্রতিবেশি গ্রাম নয়, এখানকার ঝুলন দেখতে প্রতিবেশি পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা থেকেও দর্শনার্থীরা আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে প্রায় নয়টি জমিদার বাড়ি রয়েছে। প্রথমদিকে শুধুমাত্র গ্রামের জমিদার বাড়িগুলিতেই ঝুলন যাত্রা হয়ে থাকতো। পাঁচথুপী নাগরিক মঞ্চের সভাপতি তপন কুমার লাহা বলেন, ঝুলনযাত্রায় জমিদার বাড়ির কূলদেবতাকে জনসমক্ষে আনা হয়। যা বছরে একবার মাত্র হয়ে থাকে। কূলদেবতাকে দামি অলংকার পরিয়ে বেশভুষায় সাজিয়ে তোলা হয়। যা দেখার জন্য বহুদূর থেকে প্রচুর দর্শনার্থী গ্রামে আসেন। ঝুলনযাত্রায় দর্শনার্থীদের খাওয়ার ব্যবস্থাও থাকে। সারাদিন ধরে চলে যাগযজ্ঞ সহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার থেকেই গ্রামে ঝুলন যাত্রা শুরু হয়েছে, চলবে শনিবার পর্যন্ত। জমিদার বাড়ি ছাড়াও এবছর গ্রামের অন্তত ৩৫টি জায়গায় মানব ঝুলন হচ্ছে। সন্ধ্যার পর ঝুলনযাত্রায় কার্যত গোটা গ্রাম আলোর রোশনাইয়ে ঢেকে যাচ্ছে। বাসিন্দা অলোক মুখোপাধ্যায় বলেন, পাঁচথুপীর ঝুলন যাত্রা নিয়ে বহু ইতিহাস রয়েছে। এর সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কাহিনীও জুড়ে রয়েছে। তাই পাঁচথুপীর ঝুলনযাত্রা কোনোদিন হারিয়ে যেতে পারেনা। এদিকে প্রতিবেশি তারাপুর গ্রামেও ঝুলনযাত্রা উপলক্ষ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। গ্রামের প্রায় ৩০টি জায়গায় রবিবার থেকেই মানব ঝুলনযাত্রা শুরু হয়েছে। যা দেখতে সেখানে প্রতিবেশি গ্রামগুলি থেকে প্রচুর দর্শনার্থী আসছেন। বাসিন্দা পল্টু বাগদি বলেন, প্রায় ২৫বছর আগে গ্রামের কয়েকজনের উদ্যোগে এখানে ঝুলন যাত্রার প্রচলন হয়। গ্রামের ঝুলনযাত্রা একটি সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ