মুম্বই: সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় এবার কিয়ারা আদবানিও। সূত্রের খবর মোতাবেক, দক্ষিণী অভিনেতা যশ-এর ‘টক্সিক’ সিনেমার জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন কিয়ারা। ফলে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিলেন এই বলি ডিভা।
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, কিয়ারা আদবানি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৫ কোটি টাকা নিচ্ছেন। বিনোদন জগতের বিশেষজ্ঞরা মনে করছেন, অভিনেত্রীর ছবিগুলির পরপর সাফল্যই তাঁকে আজ এই পারিশ্রমিকের দরজায় এনে দাঁড় করিয়েছে। যা কিনা প্রায় দীপিকা পাড়ুকনের কাছাকাছি।
উল্লেখ্য, বর্তমানে দীপিকা পাড়ুকন গড়ে এক একটি সিনেমা পিছু কমপক্ষে ২০ কোটি টাকা ধার্য করেন। অন্যদিকে, এই তালিকায় সবচেয়ে উপরে থাকা প্রিয়াঙ্কা চোপড়া প্রতি সিনেমায় প্রায় ৩০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন। দাবি করা হচ্ছে, এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা এসএসএমবি-২৯ এর জন্য প্রায় ৩৩ কোটি টাকা নিচ্ছেন প্রিয়াঙ্কা।