নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের প্রথম মেট্রো লাইন শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে আমূল সংস্কারের কাজ শুরু হল। নর্থ-সাউথ করিডরের গোটা রেলপথকে শীতল রাখতে আরও উন্নত করা হচ্ছে টানেল ভেন্টিলেশন সিস্টেম (টিভিএস) এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেমকে (ইসিএস)। এই কাজে ব্যয় হবে ৫৮৫ কোটি টাকা। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, এই কাজ শেষ করতে সময় লাগবে প্রায় চার বছর। এই সংস্কার কাজ শেষ হলে ব্লু-লাইনের ১৫টি মেট্রো স্টেশনে সার্বিক পরিবেশ এখনকার তুলনায় আরও বেশি উন্নত হবে। পরিবেশবান্ধব এই ব্যবস্থায় মেট্রো রেল ভূ-গর্ভে বছরে ১৮ কোটি লিটার জল সংরক্ষণ করতে সমর্থ হবে। এই মুহূর্তে প্রতি বছর এই বিরাট পরিমাণ জল মাটির নীচের স্টেশনগুলিকে ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। টিভিএস ব্যবস্থায় বছরে ২১ কোটি টাকার বিদ্যুৎ খরচও বেঁচে যাবে। সব মিলিয়ে অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন মেট্রো যাত্রীরা।



