Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

রাজাবাজারে অলিগলি থেকে তারের জঞ্জাল সরানো শুরু, দুর্ঘটনার আশঙ্কা কমায় স্বস্তি

শহরের বিভিন্ন রাস্তা থেকে তারের (কেবল) জঞ্জাল সরাতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় রাস্তার ধারে ঝুলে থাকা তার কিংবা একসঙ্গে জুড়ে থাকা তারের জাল সরানোর পদক্ষেপ নিয়েছে।

রাজাবাজারে অলিগলি থেকে তারের জঞ্জাল সরানো শুরু, দুর্ঘটনার আশঙ্কা কমায় স্বস্তি
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বিভিন্ন রাস্তা থেকে তারের (কেবল) জঞ্জাল সরাতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় রাস্তার ধারে ঝুলে থাকা তার কিংবা একসঙ্গে জুড়ে থাকা তারের জাল সরানোর পদক্ষেপ নিয়েছে। অলিগলিতে চলছে সেই কাজ। রাজাবাজারের একাধিক রাস্তায় তারের জঞ্জাল সরানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে পাটোয়ার বাগানে ঝুলে থাকা তার সরিয়ে সাফ করার কাজও হয়। প্রয়োজনীয় তার একসঙ্গে জুড়ে দিয়েছেন পুরকর্মীরা। এবার হরিজন বস্তি, বৈঠকখানা রোডেও এই কাজ হওয়ার কথা বলে জানা গিয়েছে। অভিযোগ, রাজাবাজারের পাটোয়ার বাগানের অলিগলিতে বিপজ্জনকভাবে ঝুলে থাকত কেবল। সমস্যা তৈরি করত। যাতায়াতের পথে মানুষের মাথায় ঠেকে যেত। দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়ি প্রবেশের সুযোগ পর্যন্ত ছিল না। ভূগর্ভস্থ নিকাশি নালার পলি তুলতে গিয়েও পুরসভার গাড়িকে সমস্যার মুখে পড়তে হতো। এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় তার খুলে ফেলা হয়েছে। প্রয়োজনীয় কেবল একসঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। যাতে সেগুলি মাকড়সার জালের মত ছড়িয়ে ঝুলে না থাকে। রাম দাস, আরিফ শেখ নামে দুই স্থানীয় বাসিন্দা বলেন, কোনও দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢুকতে পারত না। গাড়ির মাথায় কেবল আটকে যেত। দুর্ঘটনার আশঙ্কা ছিল। এখন সব সাফ হয়েছে। 

Advertisement

৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমা চৌধুরী বলেন, তার ঝুলে থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এখন বৃষ্টিতে শর্ট সার্কিট বা তড়িদাহত হওয়ার আশঙ্কা কমেছে। এই কাজ করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়াল চৌধুরী। তিনি বলেন, গত কয়েক দশক ধরে এমন অবস্থা ছিল। তা পরিষ্কার করা হয়েছে। পুরসভার সাহায্যে ‘টিম ওয়ার্ড ৩৭’ ভালো কাজ করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ