Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামখানায় পঞ্চায়েত সদস্যের গুদামে ত্রাণসামগ্রী, ডায়মন্ডহারবারে তৃণমূল অফিস থেকে উদ্ধার রেশন কার্ড, ক্ষোভ

নামখানায় পঞ্চায়েত সদস্যের গুদামে ত্রাণসামগ্রী, ডায়মন্ডহারবারে তৃণমূল অফিস থেকে উদ্ধার রেশন কার্ড, ক্ষোভ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: সোমবার রাতে নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী। মঙ্গলবার ডায়মন্ডহারবারের দিয়ারক অঞ্চলে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার প্রচুর জব কার্ড ও রেশন কার্ড।

Advertisement

যে অফিস থেকে জব ও রেশন কার্ড মেলে সেই জায়গাটি এক ব্যক্তির জমি দখল করে বানানো বলে অভিযোগ। প্রকৃত মালিক দখল করা পার্টি অফিসের জমি পুনরুদ্ধার করতে এসেছিলেন। সঙ্গে ছিল এলাকার মানুষ ও পুলিশ। অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, থরে থরে জব ও রেশন কার্ড পড়ে রয়েছে। পার্টি অফিসটি তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলি লস্করের। তিনি এলাকাছাড়া। অন্য ঘটনাটির বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৪৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য গোপাল জানার গুদামে ও তাঁর ঘনিষ্ঠ রামকৃষ্ণ গিরির বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছিল। সোমবার রাতে নামখানা থানা ওই গ্রাম পঞ্চায়েতের হুজ্জাইত খেয়াঘাট সংলগ্ন এলাকায় থাকা গুদামে ও ঘরটিতে তল্লাশি চালায়। সেখান থেকে সরকারি ত্রিপল, পানের বরজ ঘেরার সবুজ চট, ধান ঝাড়াই মেশিন, জৈব সার ও সূর্যমুখী বীজ উদ্ধার হয়। বাড়ির সামনে ত্রাণসামগ্রী খড় চাপা দিয়ে লুকিয়ে রাখা ছিল। এই ঘটনার পরই অভিযুক্তরা পলাতক। ত্রাণসামগ্রী পঞ্চায়েতের অফিসে রাখা হয়েছে। বাপি দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ত্রাণসামগ্রী বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। এলাকার বাসিন্দাদের এগুলি দেওয়া হত না। বিষয়টি ব্লক প্রশাসন, সুন্দরবন উন্নয়ন দপ্তর ও ব্লক কৃষি দপ্তরে জানানো হয়।’ বিজেপির সাগর মণ্ডল পাঁচের সভাপতি দিলীপ প্রধান বলেন, ‘গরিব মানুষের ও কৃষকদের ন্যায্য পাওনা তৃণমূল লুট করেছে। তাঁদের জন্য বরাদ্দ জিনিসপত্র নিজেদের বাড়ি এনে রাখত। সুযোগ বুঝে খোলা বাজারে বিক্রি করত। এদিন গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাতেই বিষয়টি সামনে এসেছে।’

সম্পর্কিত সংবাদ