Bartaman Logo
২ জুন, ২০২৬

অবসরপ্রাপ্ত নন গেজেটেড কর্মীদের রেলে ফের নিয়োগ, বিতর্ক শুরু

সার্বিকভাবে রেলে নতুন নিয়োগ কার্যত শিকেয় উঠেছে। পরিবর্তে অবসরপ্রাপ্ত কর্মীদেরই চুক্তির মাধ্যমে ফের নিযুক্তির পথে হাঁটছে রেলমন্ত্রক।

অবসরপ্রাপ্ত নন গেজেটেড কর্মীদের রেলে ফের নিয়োগ, বিতর্ক শুরু
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সার্বিকভাবে রেলে নতুন নিয়োগ কার্যত শিকেয় উঠেছে। পরিবর্তে অবসরপ্রাপ্ত কর্মীদেরই চুক্তির মাধ্যমে ফের নিযুক্তির পথে হাঁটছে রেলমন্ত্রক। কিছু ক্ষেত্রে অবশ্য নতুন নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যেমন টেকনিক্যাল পোস্টে দেশব্যাপী প্রায় সাড়ে ছ’হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা একপ্রকার পাকা করে ফেলেছে রেল বোর্ড। কিন্তু সামগ্রিকভাবে নিয়োগ নিয়ে বিশেষ মাথাব্যথা নেই রেলের। এক্ষেত্রে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ২০ জুন, শুক্রবার জারি করা রেল বোর্ডের একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রেলের নন-গেজেটেড কর্মীদের অবসরের পরও পুনর্নিয়োগ করা যাবে। 

Advertisement

সেই নিয়োগ হবে শর্তসাপেক্ষে। তা মেনে অবসরগ্রহণের পরেও কারা পুনরায় নিযুক্ত হতে পারবেন, প্রয়োজন ভিত্তিতে তা স্থির করবে রেলওয়ে জোনগুলিই। আর রেলের এই বিজ্ঞপ্তি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, নিয়োগ ইস্যুতে এত সমালোচনার পরেও কেন ঘুম ভাঙছে না রেলের? যেখানে সারা দেশে রেলের লক্ষাধিক পদ এখনও শূন্য রয়েছে, সেখানে কেন অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা হচ্ছে? গত ২০ জুন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছেন রেল বোর্ডের ডিরেক্টর (এস্টাবলিশমেন্ট) ইউকে তিওয়ারি। রেলের সবক’টি জোন এবং প্রোডাকশন ইউনিটের জেনারেল ম্যানেজারের উদ্দেশে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 
সেখানে বলা হয়েছে, পে লেভেল-ওয়ান থেকে পে লেভেল-নাইন পর্যন্ত ক্যাটিগরিতে কর্মরত নন-গেজেটেড রেল কর্মচারীরা অবসরের পর পুনর্নিয়োগের সুবিধে পাবেন। এক্ষেত্রে তাঁরা যে পে লেভেলে কর্মরত থাকা অবস্থায় অবসর নিয়েছেন, তার তুলনায় সর্বোচ্চ আরও তিন ক্যাটিগরি উঁচুতে তাঁদের পুনর্নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে ওই পুনর্নিযুক্ত রেল কর্মীদের স্বেচ্ছাসেবকের তকমা দেওয়া হবে। সামগ্রিক ব্যবস্থাই সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজাররা খতিয়ে দেখবেন। জানিয়েছে রেল।

সম্পর্কিত সংবাদ