সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির নন্দকুমারপুর পঞ্চায়েতের মধুসূদনচকে সমবায় সমিতির ভোট ঘিরে বিজেপির এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এতে উভয়পক্ষের ষোলোজন আহত হয়েছেন। গুরুতর আহত এক বিজেপি কর্মীকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি এবং তৃণমূলের অন্য আহতদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে রবিবার রাতে রায়দিঘি থানার পুলিস ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।
Advertisement
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় সমবায় সমিতির ভোটের ফলাফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, বিজেপি-সিপিএম জোট প্রার্থীরা তেইশটি আসন পেয়েছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থীরা পেয়েছেন আঠেরোটি আসন। এরপরেই উভয়পক্ষের মধ্যে গণ্ডগোল বেধে যায়। বিজেপি নেতা পলাশ রানা বলেন, বিজেপি-সিপিএম জোট সমবায় সমিতি দখল করার পরেই তৃণমূল ব্যালট তুলে নিয়ে চলে যায়। বাইকে করে এসে তৃণমূলের কর্মীরা আমাদের কর্মীদের মারধরও করে। আমাদের বারোজন কর্মী আহত। এর মধ্যে প্রেমানন্দ জানা বলে এক কর্মীর অবস্থা গুরুতর। অন্যদিকে, তৃণমূলের অঞ্চল সভাপতি ননী ত্রিপাঠি বলেন, আমাদের চারজন কর্মী আহত। বিজেপি কর্মীরা জোর করে সমিতি দখল করে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছিলেন। তাই নিয়ে গন্ডগোল বাঁধে।



