Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রেড রোডের মতোই মজবুত-মসৃণ হবে এসপি মুখার্জি রোড, উদ্যোগ পুরসভার

রেড রোডের মতোই মজবুত-মসৃণ হবে এসপি মুখার্জি রোড, উদ্যোগ পুরসভার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিআইপি রোড কিংবা রেড রোডের মতো মসৃণ ও মজবুত হতে চলেছে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। আপাতত রাস্তাটির পূর্ব অংশ অর্থাৎ রাসবিহারী মোড় থেকে টালিগঞ্জ রেল ব্রিজ বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি পথ মেকানাইজড ম্যাসটিক দিয়ে নতুন করে তৈরি হবে। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নতুন প্রযুক্তিতে রাস্তা বানাতে খরচ প্রায় তিন কোটি ২২ লক্ষ টাকা। এই প্রথম শহরে মেকানাইজড ম্যাসটিক দিয়ে রাস্তা বানাবে কলকাতা পুরসভা। এতদিন স্টোন চিপ গেঁথে হাতুড়ি পিটিয়ে ম্যাসটিকের যে রাস্তা বানানো হতো, পরিবেশ দূষণের কারণে সেই উপায়ে রাস্তা তৈরির কাজ বন্ধ। তার জায়গায় এই নয়া প্রযুক্তি ব্যবহার করে ম্যাসটিক পথ বানানো হচ্ছে। বর্তমানে পূর্তদপ্তর রেড রোড ও ভিআইপি রোড এমন মেকানাইজড ম্যাস্টিক দিয়ে তৈরি করেছে। 
Advertisement
এসপি মুখার্জি রোডে বারবার জলের পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটে। খোঁড়াখুঁড়ি শেষে সেই ফাটল সারানোর পর গর্ত ভরাট করতে হয়। একাধিকবার গর্ত বোজানো ও পিচের প্রলেপ পড়ায় রাস্তা কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো। ব্রিটিশ আমলের পানীয় জলের পাইপলাইনের সংস্কার হয়েছে। যেখানে পাইপ পুরোপুরি খারাপ সেখানে নতুন পাইপ বসেছে। যেখানে কাজ চালানোর মতো অবস্থা সেখানে পুরনো পাইপের উপর মাইল্ড স্টিল পাইপের জ্যাকেট বা বর্ম পরানো হয়েছে। ফলে চার-পাঁচ দশকের জন্য সেইসব লাইনে ফাটলের সম্ভাবনা নেই বলে দাবি পুরকর্তাদের। অনেক জায়গায় রাস্তার মাঝখান থেকে ভূগর্ভস্থ পাইপলাইন সরিয়ে একদিকে করা হয়েছে। এবার রাস্তা টেকসই করার লক্ষ্যে মেকানাইজড ম্যাসটিক করা হবে। 
পুরসভার সড়ক বিভাগের এক আধিকারিক বলেন, এসপি মুখার্জি রোডের এই অংশটুকু প্রায় ১৬.৭ মিটার চওড়া। ভূগর্ভস্থ জলের পাইপলাইন সংস্কার হয়েছে। ফলে নতুন করে ফাটার সম্ভাবনা থাকবে না। এবার ম্যাসটিকের রাস্তা বানানো হবে। সেই রাস্তা থাকবে বছরভর মসৃণ। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী পর্যায় এসপি মুখার্জি রোডের হাজরা মোড় থেকে রাসবিহারী পর্যন্ত রাস্তাও একইভাবে করা হবে। তারপর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে হাজরাগামী রাস্তাও সংস্কার হবে এই প্রযুক্তিতে। ফলে গোটা এসপি মুখার্জি রোডই দীর্ঘদিনের জন্য থাকবে মজবুত।   নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ