নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিশস্যে গম চাষের এলাকা বাড়লেও ডাল, তৈলবীজ আর দানাশস্যর (জোয়ার, বাজরা, রাগির মতো যে শস্যকে শ্রীঅন্ন বলে মোদি সরকার) এলাকা বাড়ছে না। চাষের এলাকা না বাড়ায় উৎপাদন আশানুরূপ হবে না বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তৈলবীজ আর ডাল চাষের এলাকাও বৃদ্ধি পাচ্ছে না। তাই আগামী দিনে এগুলিরও দাম কমার সম্ভাবনা নেই। জানা গিয়েছে, এবার রবি মরশুমে ৬৩২ লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে। এই সময়ে যে পরিমাণ জমিতে (৬৩৫ লক্ষ হেক্টর) রবি চাষ হওয়ার কথা, তা হচ্ছে না। গম চাষের এলাকা অবশ্য বেড়েছে। মন্ত্রকের হিসাব, রবি মরশুমের সাধারণত ৩১২ লক্ষ হেক্টর জমিতে গম চাষ হয়। এবার যা হচ্ছে ৩২০ লক্ষ হেক্টরে। ডাল চাষের এলাকা প্রয়োজনের চেয়ে এখনও প্রায় এক লক্ষ হেক্টর কম।



