বাবা হচ্ছেন অভিনেতা রণদীপ হুডা। গত শনিবার বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন তিনি। ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরী মডেল লিন লইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। এবার সুখবর দিলেন দম্পতি। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রণদীপ। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে ক্যাম্পফায়ার উপভোগ করছেন তাঁরা। সেই ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘দুই বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার... খুদে আসার পথে।’ বরাবর লাইম লাইট থেকে ব্যক্তিজীবনকে দূরে রাখতে পছন্দ করেন দম্পতি। ঘুরতে যাওয়া, অ্যাডভেঞ্চারই তাঁদের সবচেয়ে পছন্দের। সময় পেলেই বেরিয়ে পড়েন তাঁরা। তেমনই এক নির্জন জায়গা থেকেই অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করলেন অভিনেতা। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। রণদীপকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।



