নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অবশেষে সংস্কার করা হল রামরাজাতলার বেহাল ভ্যাট। গত ৫ আগস্ট ‘বর্তমান’-এ প্রকাশিত খবরে রামচরণ শেঠ রোডের পাশে থাকা দীর্ঘদিনের ওই পুরানো ভ্যাটের বিপজ্জনক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছিল। আবর্জনা সরানোর পর দেখা যায়, ভ্যাটের সামনে এক গভীর গর্ত। যা কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। বর্ষার মধ্যে ওই গর্ত ঘিরে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। খবর প্রকাশের পর দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। শেষ পর্যন্ত রামরাজাতলার ঐতিহ্যবাহী রাম ঠাকুর বিসর্জনের আগেই প্রশাসনের তরফে ভ্যাটটি সংস্কার করা হল।
রামচরণ শেঠ রোড রামরাজাতলা স্টেশনে যাওয়ার অন্যতম ব্যস্ত রাস্তা। এটি হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে। রাস্তার পাশেই রয়েছে রামরাজাতলা বাজার এবং ৫২ নম্বর বাস স্ট্যান্ড। আশপাশে একাধিক দোকান থাকায় দিনভর এই রাস্তায় যানবাহন ও পথচারীদের ভিড় লেগেই থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভ্যাটের সামনে গভীর গর্ত তৈরি হওয়ায় বিপদের আশঙ্কা ছিল যথেষ্ট। শনিবার ভ্যাটের আবর্জনা পরিষ্কার করে বিপজ্জনক গর্তটি কংক্রিট দিয়ে বুজিয়ে দেওয়া হয়। ফলে এই বৃষ্টিতে গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমেছে। একইসঙ্গে ভ্যাট থেকে আবর্জনা রাস্তায় গড়িয়ে পড়ার সমস্যাও আপাতত দূর হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
রামরাজাতলা বাজারের সবজি ও মাছ ব্যবসায়ীরা বলেন, আশপাশের একাধিক ওয়ার্ডের আবর্জনা এনে ফেলা হয় এই ভ্যাটে। বাজারের দোকানিদের কাছেও এর প্রয়োজন রয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, রাস্তার ধার থেকে ভ্যাটটি অন্যত্র সরিয়ে নিয়ে গেলে যানজট কমবে। আবার কেউ কেউ এই ভ্যাটকে পাঁচিল ও ছাউনি দিয়ে ঘিরে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এতে দুর্গন্ধ ও দৃশ্যদূষণও অনেকটাই কমবে বলে তাঁদের মত।