নয়াদিল্লি: বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বনাম যোগগুরু রামদেব। মন্তব্য-পালটা মন্তব্যে ক্রমেই জমে উঠেছে তরজা। সোমবার কঙ্গনা বলেন, মহিলাদের নিয়ে মন্তব্যের আগে ‘আত্মবিশ্লেষণ’ করুন যোগগুরু। তিনি ‘শালীনতার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন’। ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে এই বিতর্কের শুরু। আন্দোলনকারীদের ‘জেনারেশন গাটার’ বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী তথা সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন রামদেব। তারপর থেকেই বাগযুদ্ধ শুরু হয়েছে দু’পক্ষের।
এই আবহেই কঙ্গনার তোপ, মহিলাদের নিয়ে রামদেবের মন্তব্য গোটা সমাজকে লজ্জিত করেছে। তিনি গেরুয়া বসনের অপমান করেছে। আমার মনে হয়, তাঁর আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে।’ এর আগে রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা বলেছিলেন, ‘বাবাজী, আমার যৌবন বা শয়নকক্ষ নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। সেগুলি গুজব ও কানাঘুষো। আমায় কোনোদিন সুপ্রিম কোর্টের ভর্ৎসনা শুনতে হয়নি। তাই আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দেবেন না। আমার চরিত্র আপনার থেকে ভালো।’ পালটা রামদেবের কটাক্ষ, ‘উচ্চমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দেশের মানুষ স্বামী রামদেব সম্পর্কে জানেন।’
শুধু রামদেব একা নন, তাঁর সমালোচনা করায় আশুতোষ রানা, সোনু সুদ, রাখি সাওয়ান্ত, তাপসী পান্নুদেরও নিশানা করেছেন কঙ্গনা। সমালোচনাকারীদের ‘ভুখে নাঙ্গে’ বলে মন্তব্য করে তাঁর চ্যালেঞ্জ, ‘আমার সাফল্যের ১ শতাংশ অর্জন করে দেখান।’