নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক জায়গাতেই কমেছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে উপস্থিতির হার বাড়াতে উদ্যোগ নিয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের প্রাথমিক বিভাগ। প্রতিমাসে স্কুলে যে ছাত্রছাত্রীরা নিয়মিত উপস্থিত হবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রতিমাসে ক্লাসের মূল্যায়ন পরীক্ষায় যারা প্রথম হবে, তাদেরও প্রতিমাসে পুরস্কৃত করা হবে। আগস্ট মাস থেকে এই উদ্যোগ চালু হয়েছে। শনিবার পরীক্ষায় প্রতি ক্লাসে সেরা নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। আগস্ট মাসে সেরা উপস্থিতির বিচারেও কৃতী ছাত্রছাত্রীদের হাতে এদিন পুরস্কার তুলে দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা।



