নয়াদিল্লি: আগামী ১০ নভেম্বর প্রকাশ পেতে চলেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং-আ জার্নি অব লাভ’। তার আগে কিছুটা চমকপ্রদভাবেই একের পর এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পা রাখছেন তিনি। শনিবার সেই ধারা মেনেই এক্স হ্যান্ডলে নিজের যাত্রা শুরু করলেন সোনিয়া। নিজের প্রথম পোস্টেই লন্ডনে তাঁর ছাত্রজীবন ও স্বামী রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রেমপর্বের স্মৃতিচারণ করেছেন তিনি।
এক্স হ্যান্ডলে নিজের লেখা বই সম্পর্কিত একটি ২ মিনিটের ভিডিয়ো পোস্ট করেছেন সোনিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কেমব্রিজের একটি গ্রিক রেস্তোঁরায় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। সেখানে আমি ও রাজীব ভালোবাসা, হাসি ও স্মৃতির দুনিয়া তৈরি করেছিলাম। আগামী ১০ নভেম্বর আমি আপনাদের সঙ্গে সেই দুনিয়াটা ভাগ করে নেব।’ পোস্ট করা ভিডিয়োতে কংগ্রেস সাংসদকে বলতে শোনা যাচ্ছে, ‘ইংল্যান্ডের খাবার পছন্দ ছিল না। তাই ভার্সিটি নামের একটি গ্রিক রেস্তোঁরায় যেতাম। ইউরোপ ও ভারতের অনেক পড়ুয়াও সেখানে যেত। সেখানেই এক বন্ধুর মাধ্যমে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় হয়েছিল।’ কংগ্রেস সাংসদ বলেন, ‘প্রথম দেখাতেই ওঁকে খুব স্নিগ্ধ ও ভদ্র মনে হয়েছিল। ও অবশ্যই খুব সুদর্শন ছিল। তবে তাঁর স্নিগ্ধতা আমায় মুগ্ধ করেছিল। মনে হয়েছিল, আমি তাঁর সঙ্গে থাকতে চাই। পরে জেনেছিলাম, ওঁর অনুভূতিটাও একই রকম ছিল।’



